দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেক্সিকো। গ্রুপ ‘এ’-তে নিজেদের দ্বিতীয় ম্যাচে এল ট্রিকালারদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া। ভেন্যু টলাকেপাকুয়ের গুয়াদালাহারা স্টেডিয়াম।
ঐতিহ্যবাহী স্থাপত্য, হস্তশিল্প ও প্রাণবন্ত সংস্কৃতির জন্য পরিচিত ট্লাকেপাকুয়ে। যাকে ‘ম্যাজিক টাউন’ হিসেবেও আখ্যায়িত করা হয়। সেই শহরের পুরোটা জুড়ে এখন উৎসবের আমেজ। স্থানীয়দের বিশ্বাস, স্বাগতিক হিসেবে মেক্সিকো এবার দীর্ঘ পথ পাড়ি দিতে পারবে।
আরও পড়ুন:
স্থানীয়দের মধ্যে একজন বলেন, ‘আমি এতটাই বিশ্বসী যে, আমাদের দল অন্তত কোয়ার্টার ফাইনাল, এমনকি সেমিফাইনালেও যেতে পারে। যে কারণে আমি আমার গাড়িটাকেই মেক্সিকোর পতাকার রঙে সাজিয়েছি, যেন চলন্ত একটি মেক্সিক্যান পতাকা।’
ঐতিহাসিক শহরটিতে ফুটবল উন্মাদনা এখন তুঙ্গে। তবে বাস্তবতা ভেবে মাটিতে পা রাখার পক্ষে কেউ কেউ।
স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘হয়তো অনেকের কাছে মনে হতে পারে, আমরা সহজ একটা গ্রুপে পড়েছি, কিন্তু না। আমরা এরই মধ্যে দেখেছি, দক্ষিণ কোরিয়া কীভাবে খেলে এবং চেক প্রজাতন্ত্র কতটা শক্তিশালী।’
দক্ষিণ কোরিয়াকে হারালেই গ্রুপ পর্ব থেকে মেক্সিকোর পরের ধাপে ওঠা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তাই স্বাগতিক সমর্থকদের চোখ এখন গুয়াদালাহারার ম্যাচের দিকে।




