বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় নামছে আর্জেন্টিনা

আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড
আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড | ছবি: সংগৃহীত
0

ফিফা বিশ্বকাপে খেলতে নামার আগে শেষ প্রীতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। যুক্তরাষ্ট্রের আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আগামী বৃহস্পতিবার (১১ জুন) ভোর ৭টায়। ২০১৮ বিশ্বকাপে একমাত্র দেখায় ড্র করেছিল দু’দল। এই প্রীতি ম্যাচ থেকেই শেষবারের মতো দলকে পরখ করে নেবেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্কালোনি।

আসন্ন ফিফা বিশ্বকাপকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো। প্রীতি ম্যাচ খেলে নিজেদের ঝালাই করে নিচ্ছেন ফুটবলাররা। কোচরা সাজিয়ে নিচ্ছেন পছন্দের ফরমেশন। বিশ্বকাপের আগে নিজেদের শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

আইসল্যান্ড ও আর্জেন্টিনা ম্যাচের কথা উঠলেই চলে আসে ২০১৮ বিশ্বকাপ প্রসঙ্গ। প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই আলবিসেলেস্তেদের সঙ্গে ড্র করেছিল ইউরোপের দেশটি। ম্যাচে মেসির পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়েছিলেন হেন হালডরসন। অবশ্য আট বছর পরের চিত্রটা ভিন্ন। আর্জেন্টিনা বিশ্বকাপে থাকলেও নেই আইসল্যান্ড।

আরও পড়ুন:

বিশ্বকাপের সেই ম্যাচের পর এবারই প্রথম আইসল্যান্ডের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। নিজেদের শেষ ম্যাচে হন্ডুরাসকে ২-০ গোলে হারিয়েছে আকাশী-নীলরা। টানা ছয়টি ম্যাচ জিতেছে স্কালোনির দল। যেখানে পাঁচ ম্যাচেই প্রতিপক্ষকে কোনো গোল করতে দেয়নি আলবিসেলেস্তেরা। একই সময়ে মেসি-আলভারেজরা করেছেন ১৮ গোল।

বিপরীতে হতাশার সময় কাটাচ্ছে আইসল্যান্ড। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের মূলপর্বে উঠতে ব্যর্থ দলটি শেষ পাঁচ ম্যাচে জয়হীন। গত বছরের নভেম্বরে আজারবাইজানের বিপক্ষে শেষবার জিতেছিল ভাইকিংরা।

চোট কাটিয়ে হন্ডুরাস ম্যাচের স্কোয়াডে ফিরেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সেই ম্যাচে না নামলেও আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারেন তিনি। আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ ও থিয়াগো আলমাদাকে দেখা যেতে পারে। মধ্যমাঠ ও রক্ষণে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। গোলবারের নিচে আরো একবার সুযোগ পেতে পারেন হুয়ান মুসো।

কাগজে-কলমে এবং সাম্প্রতিক পারফরম্যান্স বিবেচনায় আইসল্যান্ডের বিপক্ষে অনেকটাই এগিয়ে আর্জেন্টিনা। জয়ের আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপে পা রাখতে চাইবে স্কালোনির দল।

এসএস