এক মাসের মধ্যে তিন ফুটবলারকে নাগরিকত্ব দিয়েছে মরক্কো

সবশেষ নাগরিকত্ব পাওয়া ফুটবলার আইয়ুব বুয়াদ্দি
সবশেষ নাগরিকত্ব পাওয়া ফুটবলার আইয়ুব বুয়াদ্দি | ছবি: সংগৃহীত
0

বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগেই একের পর এক চমক উপহার দিচ্ছে আফ্রিকান দেশ মরক্কো। ইউরোপে ছড়িয়ে থাকা বংশোদ্ভূত তারকাদের জাতীয় দলে নিয়ে আসছে দ্য অ্যাটলাস লায়নরা। এক মাসের মধ্যেই তিনজনকে নিজ দেশের নাগরিকত্ব দিয়েছে তারা। তরুণ প্রতিভাদের নিয়ে আরও একবার বিশ্বকাপে রঙ ছড়ানোর অপেক্ষায় মরক্কো।

আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজরা ইউরোপের চাকচিক্য ছেড়ে মরক্কোতে এসেছিলেন শেকড়ের টানে। তাদের নিয়েই ২০২২ সালে সেমিফাইনালে খেলে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল দলটি। ফুটবলের গ্রেটেস্ট আসরের ৯২ বছরের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে সেমিফাইনালে পা রাখে অ্যাটলাস লায়নরা। আরেকটা বিশ্বকাপ যখন দোরগোড়ায়, তখন মরক্কো নিজেদের ঘর গোছাচ্ছে নতুন বিস্ময়ের জন্ম দিতে।

আরও পড়ুন:

হাকিমি-ব্রাহিম দিয়াজদের সিদ্ধান্তে প্রভাব এবার পড়েছে নতুন প্রজন্মে। ফ্রান্স ছেড়ে মরক্কোর হয়ে ফুটবল ক্যারিয়ার গড়তে চলেছেন ফ্রেঞ্চ ক্লাব লিলের উদীয়মান তারকা আইয়ুব বুয়াদ্দি। খেলেছেন ফ্রান্সের বয়সভিত্তিক বলে। সবশেষ ম্যাচে ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের অধিনায়কও ছিলেন তিনি। তবে, মূল দল হিসেবে বেছে নিয়েছেন বাবা-মায়ের দেশ মরক্কোকে। গেল ৩ মৌসুমে লিলের হয়ে খেলেছেন ৯০ ম্যাচ। ১৬ বছর বয়সে অভিষেক দিয়ে ফ্রেঞ্চ লিগে সবচেয়ে কম বয়সী অভিষেকের রেকর্ডও করেছিলেন মিডফিল্ডার বুয়াদ্দি।

ফ্রান্সে জন্ম নেয়া আরেক তারকা ইসা দিওপকে নিজেদের করে নিয়েছে মরক্কো। অনূর্ধ্ব-১৯ ইউরো জেতা দিওপ এখন খেলছেন ফুলহ্যামের হয়ে। সেই সঙ্গে বেলজিয়াম অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক রায়ানে বুনিদাও সম্প্রতি মরক্কো জাতীয় দলের হয়ে খেলার জন্য যাবতীয় কার্যক্রম সম্পন্ন করেছেন। পরীক্ষিত এসব তরুণকে নিয়ে লম্বা সময়ের জন্য ঘর গোছাতে চায় মরক্কোর ফুটবল।

ইএ