বিশ্বে ৮ হাজার মিটার বা তার বেশি উচ্চতার পর্বত রয়েছে মোট ১৪টি। এরই মধ্যে চারটি শৃঙ্গে সফলভাবে আরোহণ করেছেন বাবর আলী, যা কোনো বাংলাদেশির জন্যই অনন্য কৃতিত্ব। এবার ‘এক্সপেডিশন মাকালু: দ্য ফিফথ ফ্রন্টিয়ার’ অভিযানে অংশ নিয়ে তিনি ছুঁতে চান ৮,৪৮৫ মিটার উচ্চতার দুর্গম মাউন্ট মাকালু।
নেপালের মহালঙ্গুর হিমালয়ে অবস্থিত এই পর্বত ‘গ্রেট ব্ল্যাক ওয়ান’ নামেও পরিচিত, যা খাড়া ঢাল ও প্রবল বাতাসের জন্য পর্বতারোহীদের কঠিন পরীক্ষায় ফেলে।
চট্টগ্রামে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরে আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্স। সেখানে বাবর আলী জানান, বিশ্বের সব ৮ হাজারি শৃঙ্গ জয়ের লক্ষ্যে এগিয়ে চলছেন তিনি।
বাবর আলী বলেন, ‘মাকালু এবার আমার একদমই ফার্স্ট চয়েস ছিল না। যেহেতু ইচ্ছে ছিল জুনে নাঙ্গা পর্বত—পৃথিবীর নবম সর্বোচ্চ পর্বত, পাকিস্তানে যেটা অবস্থিত, সেটায় যাওয়ার। কিন্তু ওই যে বলছিলাম একটা বাজেটের অপ্রতিরোধ্যতা। পাকিস্তান রিলেটিভলি মোর এক্সপেন্সিভ। পর্বতারোহণে পয়সার জোগানও খুব ইম্পরট্যান্ট একটা ব্যাপার। আমার ৮ হাজার মিটার পঞ্চম অভিযান এবং আমি আসলে খুবই মুখিয়ে আছি যে নতুন একটা জায়গায় যাচ্ছি। এটা যদিও এভারেস্ট রিজিয়নের খুব কাছে, কিন্তু লেস ক্লাইম্বড, বেসক্যাম্পটা লেস এক্সপ্লোরড—যারা ট্র্যাক করতে যান তারাও খুব অল্প পরিমাণে যান।’
২০১৪ সালে পর্বতারোহণ শুরু করা বাবর ইতিমধ্যে এভারেস্ট, লোৎসে, অন্নপূর্ণা-১ ও মানাসলুর মতো শৃঙ্গ জয় করেছেন। বিশেষ করে কৃত্রিম অক্সিজেন ছাড়াই মানাসলু জয় ছিল বাংলাদেশের জন্য এক ঐতিহাসিক অর্জন।
আগামী ৭ এপ্রিল নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়বেন তিনি। প্রায় ৫০ দিনের এই অভিযানে মে মাসের মাঝামাঝি সময়েই শীর্ষে পৌঁছানোর লক্ষ্য রয়েছে তার। বাবর আলীর এ সাহসী অভিযাত্রা নতুন করে উজ্জীবিত করছে বাংলাদেশের পর্বতারোহণ স্বপ্ন। এখন অপেক্ষা মাকালুর চূড়ায় লাল-সবুজ পতাকা ওড়ানোর।





