নেশনস লিগ: পর্তুগাল ও নরওয়ের জয়ের রাতে জার্মানি-নেদারল্যান্ডসের পয়েন্ট ভাগাভাগি

নেশনস লিগে জয় পেয়েছে পর্তুগাল ও নরওয়ে, ড্র হয়েছে  জার্মানি-নেদারল্যান্ডসের ম্যাচ
নেশনস লিগে জয় পেয়েছে পর্তুগাল ও নরওয়ে, ড্র হয়েছে জার্মানি-নেদারল্যান্ডসের ম্যাচ | ছবি: এখন টিভি
0

উয়েফা নেশনস লিগের প্রথম ম্যাচে নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে শুভসূচনা করেছে পর্তুগাল। জোয়াও ফেলিক্সের একমাত্র গোলে তারা হারিয়েছে ওয়েলসকে। অন্যদিকে, আর্লিং হলান্ডের জোড়া গোলে ডেনমার্কের বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর এক জয় পেয়েছে নরওয়ে। তবে দুই হেভিওয়েট দল জার্মানি-নেদারল্যান্ডসের লড়াইটা শেষ হয়েছে ১-১ গোলের ড্রয়ে।

লিসবনে নতুন কোচ হোর্হে জেসুসের অধীনে শুরুতেই আক্রমণে ধার দেখায় পর্তুগাল। তবে কাঙ্ক্ষিত গোলের দেখা পেতে ২২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। নুনো মেন্দেসের বুদ্ধিদীপ্ত পাস ধরে ডি-বক্সের বাইরে থেকে নিখুঁত শটে জালে বল জড়ান আল নাসর তারকা জোয়াও ফেলিক্স।

ম্যাচে একাধিক সুযোগ পেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো, তবে মাঠে ফুটে উঠে তার ফিনিশিংয়ের দুর্বলতা। শেষ দিকে ওয়েলস সমতায় ফেরার বেশ কিছু দারুণ সুযোগ তৈরি করলেও, তা গোললাইন ও ক্রসবারে প্রতিহত হলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান উয়েফা নেশসন লিগের চ্যাম্পিয়নরা।

অন্যদিকে, অসলোতে নরওয়ে ও ডেনমার্কের লড়াই রূপ নেয় চরম নাটকীয়তায়। ম্যাচের ১৪ মিনিটে অস্কার বব এবং ১৮ মিনিটে আন্তোনিও নুসার অ্যাসিস্ট থেকে আর্লিং হলান্ডের জোরালো শটে ২-০ ব্যবধানে এগিয়ে যায় নরওয়ে।

আরও পড়ুন:

তবে সহজে হাল ছাড়েনি ডেনমার্ক। ২৫ মিনিটে মিকেল দামসগার্ডের দুর্দান্ত ফ্রি-কিক এবং দ্বিতীয় অর্ধে রাসাসমুস হইলুন্দের হেডে সমতায় ফেরে ডেনিশরা।

তবে নরওয়ের ত্রাণকর্তা হয়ে আবার আবির্ভূত হন সেই হ্যালান্ড। ওডেগার্ডের পাস থেকে নিজের দ্বিতীয় ও দলের জয়সূচক গোলটি করেন তিনি। শেষ দিকে লাল কার্ড পেয়ে নরওয়ের মোলার উলফ মাঠ ছাড়লেও ৩-২ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে স্বাগতিকরা।

অন্য ম্যাচে সাবেক লিভারপুল ও বার্সেলোনা কোচ ইয়ুর্গেন ক্লপ ও জাভি হার্নান্দেজের নতুন মিশন হিসেবে নজর ছিলো আমস্টারডামেও। জাভির অধীনে আক্রমণাত্মক খেলা নেদারল্যান্ডস বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করলে, ৩২ মিনিটে মেচার গোলে এগিয়ে যায় ক্লপের জার্মানি।

তবে যোগ করা সময়ে রুবেন ফন বোমেলের ক্রস থেকে দারুণ এক ভলিতে গোল করে ডাচদের ১-১ সমতায় ফেরান কোডি গাকপো। পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় দুই হেভিওয়েট দলকে।

এসএইচ