আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন হামেস রদ্রিগেজ

হামেস রদ্রিগেজ
হামেস রদ্রিগেজ | ছবি: সংগৃহীত
0

জাতীয় দলকে বিদায় জানালেন কলম্বিয়ার মাঝমাঠের জাদুকর হামেস রদ্রিগেজ। ২০১৪ বিশ্বকাপের গোল্ডেন বুট থেকে ২০২৪ কোপা আমেরিকার ফাইনাল দীর্ঘ ১৫ বছরের আন্তর্জাতিক পথচলায় রেখে গেছেন অসংখ্য স্মৃতি। কলম্বিয়ান ফুটবলের সোনালি প্রজন্মের অন্যতম বড় নাম হামেস। দেশের জার্সিতে দীর্ঘ ১৫ বছরের পথচলা শেষে জাতীয় দলকে বিদায় বলেছেন ৩৫ বছর বয়সী এই তারকা।

একজন ফুটবলারের ক্যারিয়ারে কিছু মুহূর্ত থাকে, যা তাকে শুধু তারকা নয়, ফুটবলের ইতিহাসের অংশ করে তোলে। কলম্বিয়ার জার্সিতে ঠিক তেমনই এক নাম হামেস রদ্রিগেজ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় অবসরের সিদ্ধান্তের কথা জানান রদ্রিগেজ। ১০ নম্বর জার্সি আর অধিনায়কের আর্মব্যান্ড পরার সম্মানকে জীবনের বিশেষ অর্জন হিসেবে উল্লেখ করেন তিনি। জানান, অনেক স্মৃতি, আনন্দ আর কঠিন সময় পেরিয়ে এবার নতুন অধ্যায় শুরু করার সময় এসেছে।

২০১১ সালে বলিভিয়ার বিপক্ষে জাতীয় দলে অভিষেক। এরপর ধীরে ধীরে হয়ে ওঠেন কলম্বিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ফুটবলারদের একজন। আর ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেই পান ক্যারিয়ারের সবচেয়ে বড় পরিচিতি। মাত্র পাঁচ ম্যাচে ছয় গোল করে জিতে নেন গোল্ডেন বুট। তার অসাধারণ পারফরম্যান্সেই ইউরোপের বড় ক্লাবগুলোর নজরে আসেন তিনি। এরপর রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ ও এভারটনের মতো ক্লাবে খেলেছেন এই মিডফিল্ডার।

জাতীয় দলের হয়ে ২০২৪ কোপা আমেরিকাতেও ছিলেন আলোচনায়। তার নেতৃত্বে ফাইনালে উঠেছিল কলম্বিয়া। দীর্ঘ ২৩ বছর পর কোনো বড় টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় দলটি।

১৩১ ম্যাচে ৩১ গোল কলম্বিয়ার জার্সিতে এমন সমৃদ্ধ পরিসংখ্যান নিয়েই বিদায় নিলেন রদ্রিগেজের। গেল বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোয় পেনাল্টি শুটআউটে হেরেছিল কলম্বিয়া। জাতীয় দলের হয়ে সেটিই হয়ে থাকল তার শেষ ম্যাচ।

বিদায়ী বার্তায় রদ্রিগেজ বলেছেন, মনের শান্তি নিয়েই বিদায় নিচ্ছেন তিনি। কারণ দেশের জার্সির জন্য তিনি নিজের সবটুকু দিয়ে গেছেন। কলম্বিয়ান ফুটবলে তাই তার বিদায় শুধু একটি অধ্যায়ের সমাপ্তি নয়, একটি সোনালি প্রজন্মের স্মরণীয় বিদায়ও বটে।

এফএস