সুপার সানডে: ম্যানচেস্টার ডার্বির উত্তাপের দিনে মাঠে বার্সা-বায়ার্ন

ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যান সিটি
ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যান সিটি | ছবি: সংগৃহীত
0

সুপার সানডেতে মাঠে নামছে পরাশক্তি দলগুলো। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বিতে মুখোমুখি হচ্ছে শহরের চিরপ্রতিদ্বন্দ্বী দুই ক্লাব। লা লিগায় মাঠে নামছে বার্সেলোনা। লামিন ইয়ামালদের প্রতিপক্ষ লেভান্তে। অন্যদিকে বুন্দেসলিগায় মাঠে নামছে বায়ার্ন মিউনিখও।

একসময় প্রিমিয়ার লিগে রাজত্ব করা ম্যানচেস্টার ইউনাইটেড অনেকদিন ধরেই ধুঁকতে থাকা এক দল। অন্যদিকে গত দেড় দশকে সাফল্যের মুকুটে একের পর এক পালক যোগ করেছে ম্যানচেস্টার সিটি। সাম্প্রতিক সময়ে বিপরীত পথে হাঁটলেও দুই দলের মুখোমুখি লড়াই মানেই অন্যরকম উত্তেজনা। ম্যানচেস্টার লাল নাকি নীল, দুই দলের ডার্বিতে এটাই হয়ে ওঠে মুখ্য প্রশ্ন।

ঐতিহ্যবাহী ওল্ড ট্রাফোর্ডে মৌসুমের প্রথম ডার্বিতে আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। একদিকে ঘরের মাঠে নগর প্রতিদ্বন্দ্বীদের থামিয়ে মৌসুমের অন্যতম বড় জয় তুলে নিতে চাইবে ইউনাইটেড। অন্যদিকে সিটির লক্ষ্য থাকবে জয়ের ধারাবাহিকতা ধরে রাখার পাশাপাশি টেবিলের শীর্ষে ওঠা।

একইরাতে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখতে লেভান্তের মাঠে খেলতে নামবে বার্সেলোনা। লিগে দুর্দান্ত শুরু পাওয়া কাতালান ক্লাবটির চার ম্যাচে সংগ্রহ ১২ পয়েন্ট।

শনিবার দাপুটে জয়ে দুইয়ে উঠে আসা রিয়ালের সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিতেই নামবে হান্সি ফ্লিকের দল। অন্যদিকে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩ নম্বরে থাকা লেভান্তের লক্ষ্য থাকবে যেকোনোভাবে পয়েন্ট পাওয়া।

জার্মান বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখের প্রতিপক্ষ এসভি এলভার্সবার্গ। প্রতিপক্ষ দুই ম্যাচের দুটিতেই জয় পেলেও মৌসুমের শুরুতে ধাক্কা খেয়েছে বাভারিয়ানরা। লিগের শুরু থেকে শিরোপার দৌড়ে গতি ধরে রাখতে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবে ভিনসেন্ট কোম্পানির দল। ম্যাচটি অনুষ্ঠিত হবে এলভার্সবার্গের উরসাফার্ম অ্যারেনায়।

একদিকে বার্সেলোনার শীর্ষস্থান ধরে রাখার লড়াই, বায়ার্নের আধিপত্যের পরীক্ষা আর অন্যদিকে ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ডার্বি। রোববার রাতে টানটান উত্তেজনার কিছু ম্যাচের অপেক্ষায় ফুটবল ভক্তরা।

এএইচ