নারী ক্রিকেটের উন্নয়ন নিয়ে প্রশ্ন; ছোট আকৃতির বলের ব্যবহার ও বিপিএল বাস্তবায়নে স্থবিরতা

ক্রিকেট বল
ক্রিকেট বল | ছবি: এখন টিভি
0

আন্তর্জাতিক ক্রিকেটে বড় কিছুর স্বপ্ন দেখলেও মানসম্মত বলের যোগান নেই দেশের নারী ক্রিকেটে। ঘরোয়া লিগে আইসিসির নির্ধারিত মাপের চেয়ে ছোট আকৃতির বলে খেলানো হয় বলে অভিযোগ করেছেন সাবেক অধিনায়ক রোমানা আহমেদ। জবাবে বিসিবির নারী উইংয়ের প্রধান বললেন, বল নিয়ে জটিলতার কথা জানা নেই তার। সেই সঙ্গে নতুন কমিটি এলেও নারী বিপিএল আটকে আছে প্রতিশ্রুতির বৃত্তে।

ঘরোয়া ক্রিকেট থেকেই তৈরি হন একেকজন রোমানা-জ্যোতি-সালমা কিংবা মারুফার মতো ক্রিকেটাররা। কিন্তু, নারী ক্রিকেটারদের সেই ঘরোয়া ক্রিকেট ঠিক কতটা মানসম্মত? জাতীয় দলের সাবেক অধিনায়ক রোমানা যখন বলছেন, আইসিসির মানের চেয়ে ছোট বলে ক্রিকেট খেলতে হয় তখন নারী ক্রিকেটের ভবিষ্যত সংকটে, সেই উত্তরও হয়ে যায় স্পষ্ট। আর ঘরোয়া ক্রিকেটে নিম্নমানের এবং ছোট বলে প্রস্তুতির পর শিরোপার স্বপ্ন দেখাটাও একপ্রকার বিলাসিতাই বলা যায়।

শুধু কি তাই? নারী ক্রিকেট লিগ একেবারেই অনিয়মিত সেটাও স্পষ্ট। ২০২৪ সালের পর থেকে মাঠে নেই ঢাকা নারী প্রিমিয়ার লিগ। পাইপলাইনে পর্যাপ্ত ক্রিকেটার না থাকায় নারী ক্রিকেটে নেই প্রতিযোগিতার পরিবেশ। আর নারী বিপিএল নিয়ে এখন পর্যন্ত ৪ কমিটি আশ্বাস দিয়ে গেলেও বাস্তবে রূপ দিতে পারেনি কেউই। যা নিয়ে আক্ষেপ আছে রোমানার।

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক রোমানা আহমেদ বলেন, ‘ঘরোয়া লিগের আপাতত ফিউচার কী আমি জানি না। আমার মনে হয় যে এখন পর্যন্ত চালানোর দরকার। মানে একটা রীতি যে এ মানে আমাদের ডিভিশনটা চলছে বা আমাদের প্রিমিয়ার লিগগুলা চলছে, যেমন ওখানে ১০ থেকে ১২টা টিম হয় বা আমরা যে ৮টি টিম করি, মেয়েদের ঠিক আছে—মেয়েদের নিয়ে একটা টিম করার কথা।

‘কিন্তু আমার কথা কোয়ালিটির একটা টুর্নামেন্ট তো দরকার আমাদের। কারণ বিগত তিন বছর ধরে নেক্সট টাইম, নেক্সট টাইম, নেক্সট টাইম করতে করতেই আসছে। পাপন সাহেব থাকা কালিন থেকে আমরা শুনছি যে এবার তো করতে পারছি না, এবার হার্ড অ্যান্ড সোল আমরা ট্রাই করছি বা নেক্সট টাইম অবশ্যই তোমাদের হবে।’

আরও পড়ুন:

এতসব সংকটের কথা জানা নেই বিসিবির নারী উইংয়ের প্রধান রফিকুল ইসলাম বাবুর। তবে তার প্রতিশ্রুতি, ঘরোয়া ক্রিকেট এবং নারী বিপিএল আলোর মুখ দেখবে শীঘ্রই।

বিসিবির নারী উইং চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু বলেন, ‘তাদের যে এই অভিযোগ আমি প্রথম শুনলাম। ডেফিনেটলি আমি তামিম ইকবালের সঙ্গে কথা বলবো এবং ইন্টারন্যাশনালি যে বল দিয়ে খেলা হয়, যে বল দিয়ে প্র্যাকটিস করানো হয় সেটাই এনসিওর করা হবে।’

তিনি আরও বলেন, ‘আমি তামিম ইকবাল বা বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা, সদস্য সচিব মাসুদ ভাই সবাই ইনশাআল্লাহ এটি নিয়ে বসবো এবং আমাদের একটি গ্রহণযোগ্য পর্যায়ে আসলেই আমরা এটা শুরু করে দেব।’

বিসিবির এই পরিচালক সেই সঙ্গে আশ্বাস দিয়েছেন, পাইপলাইনও দ্রুত বড় হবে নারী ক্রিকেটের। যদিও সেজন্যে লম্বা সময়ের দরকার হবে বলেও মন্তব্য রফিকুল ইসলাম বাবুর।


এফএস