ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল বিক্রি ৪০ কোটি টাকায়

‘হ্যান্ড অব গড’ বল ও সেই ঐতিহাসিক গোলের মুহূর্ত
‘হ্যান্ড অব গড’ বল ও সেই ঐতিহাসিক গোলের মুহূর্ত | ছবি: সংগৃহীত
1

ডিয়েগো ম্যারাডোনার বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ ও ‘গোল অব দ্য সেঞ্চুরি’র সঙ্গে জড়িয়ে থাকা বলটি নিলামে ৩৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য ৪০ কোটি টাকার বেশি।

টেক্সাসের নিলাম প্রতিষ্ঠান হেরিটেজ অকশনস স্থানীয় সময় শনিবার বলটি নিলামে তোলে। প্রতিষ্ঠানটির প্রত্যাশা ছিল, বলটির দাম ১ কোটি ডলার ছাড়াবে। তবে শেষ পর্যন্ত প্রত্যাশার অর্ধেকেরও কম দামে এটি বিক্রি হয়েছে।

১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলের জয়ে এই বল দিয়েই দুটি গোল করেন ম্যারাডোনা। প্রথমটি ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিতি পায়। আর চার মিনিট পর করা দ্বিতীয় গোলটি ফিফার ভোটে ‘গোল অব দ্য সেঞ্চুরি’ নির্বাচিত হয়।

‘হ্যান্ড অব গড’ গোলটি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে বল দখলের সময় ম্যারাডোনার বাঁ হাতে লেগে বলটি জালে জড়ায়। পরে ম্যারাডোনা মজা করে বলেছিলেন, গোলটি হয়েছিল ‘ম্যারাডোনার মাথা আর ঈশ্বরের হাতের’ মিশেলে।

আরও পড়ুন:

অন্যদিকে, দ্বিতীয় গোলটি ছিল অসাধারণ ব্যক্তিগত নৈপুণ্যের উদাহরণ। নিজেদের অর্ধ থেকে বল নিয়ে দৌড়ে ইংল্যান্ডের একাধিক খেলোয়াড়কে কাটিয়ে গোলরক্ষক শিলটনকে পরাস্ত করেন তিনি।

ম্যাচটির তিউনিসিয়ান রেফারি আলি বিন নাসেরের কাছে দীর্ঘদিন বলটি সংরক্ষিত ছিল। ২০২২ সালে প্রথমবার নিলামে উঠে ২৩ লাখ ৭০ হাজার ডলারে বিক্রি হয়। ২০২৩ সালে আবার নিলামে উঠলেও প্রত্যাশিত দাম না পাওয়ায় বিক্রি হয়নি।

তবে ম্যারাডোনার সেই ম্যাচের জার্সি আরও বেশি দামে বিক্রি হয়েছিল। ২০২২ সালে সোথবিজের নিলামে জার্সিটির দাম উঠেছিল ৯৩ লাখ ডলার।

এসএইচ