গ্রীষ্মকালীন দলবদলে ইংলিশ ক্লাবগুলোর জমিদারি!

ইংলিশ প্রিমিয়ার লিগ
ইংলিশ প্রিমিয়ার লিগ | ছবি: সংগৃহীত
0

ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু হতে এখনো বেশ কিছু দিন বাকি। কিন্তু তার আগেই খেলোয়াড় কেনাবেচায় ইউরোপের ফুটবল বাজার গরম করে তুলেছে ইংলিশ ক্লাবগুলো। চলতি গ্রীষ্মকালীন দলবদল উইন্ডোতে এরই মধ্যে ছাড়িয়ে গেছে ১ বিলিয়ন পাউন্ড খরচের অঙ্ক। যেখানে সবচেয়ে বেশি খরচ করেছে চেলসি আর টটেনহ্যাম।

মাঠের লড়াই শুরুর আগেই টাকার খেলায় জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। নতুন মৌসুমে ঘুরে দাঁড়ানো আর শিরোপা ধরে রাখার লড়াইয়ে ক্লাবগুলো তাদের পকেট উজাড় করে দিচ্ছে।

স্কোয়াড পুনর্গঠনে এখন পর্যন্ত সবচেয়ে বেশি নিট খরচ করেছে চেলসি। প্রায় ২৮২.৬ মিলিয়ন পাউন্ড ব্যয়ে নতুন ফুটবলার দলে এনে রেকর্ড গড়লেও, খেলোয়াড় বিক্রি থেকে তাদের আয় হয়েছে ১২৪ মিলিয়ন। ফলে ব্লুদের নিট খরচ দাঁড়িয়েছে সর্বোচ্চ ১৫৮.৬ মিলিয়ন পাউন্ডে।

খরচের বিচারে চেলসির ঘাড়েই নিঃশ্বাস ফেলছে টটেনহ্যাম হটস্পার। সান্দ্রো টোনালি, মাতেউস ফার্নান্দেস কিংবা ভ্যান হেকের মতো তারকাদের পেছনে ২২৯.৫ মিলিয়ন পাউন্ড ঢেলে স্পার্সদের নেট স্পেন্ড দাঁড়িয়েছে প্রায় ১৪৯.৭ মিলিয়ন পাউন্ডে।

আরও পড়ুন:

এদিকে চলতি দলবদল উইন্ডোতে একক কোনো ফুটবলারের জন্য সবচেয়ে বড় অঙ্কের সাইনিং করিয়েছে ম্যানচেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ডের বিশাল ট্রান্সফার ফি-তে ইংলিশ তারকা এলিয়ট অ্যান্ডারসনকে উড়িয়ে এনেছে সিটিজেনরা। ম্যান সিটির নিট খরচ দাঁড়িয়েছে ১৪৪.১ মিলিয়ন পাউন্ডে।

তবে মুদ্রার অপর পিঠও দেখা যাচ্ছে লিগের অন্য ক্লাবগুলোতে। এলিয়ট অ্যান্ডারসনকে বিক্রি করে কোনো কেনাকাটা না করা নটিংহ্যাম ফরেস্ট ১১৬ মিলিয়ন পাউন্ডের ধনাত্মক নেট স্পেন্ড নিয়ে রয়েছে সবচেয়ে লাভজনক অবস্থানে। একইভাবে ফুটবলার বিক্রি করে লাভের মুখ দেখেছে অ্যাস্টন ভিলা, ক্রিস্টাল প্যালেস এবং নিউক্যাসেল ইউনাইটেডও।

বিশাল অঙ্কের এই অর্থ বিনিয়োগ কি ক্লাবগুলোকে এনে দেবে বহুল কাঙ্ক্ষিত শিরোপা, নাকি আর্থিক নিয়মকানুনের বেড়াজালে পড়তে হবে ক্লাবগুলোকে?- সেই উত্তর মিলবে সবুজ গালিচার মূল লড়াইয়েই।

এসএইচ