বিশ্বকাপ ফাইনাল মানেই আলোচনায় থাকেন গোলদাতারা। কিন্তু শিরোপা নির্ধারণে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দিতে পারেন শেষ প্রহরী। স্পেনের উনাই সিমন নাকি আর্জেন্টিনার এমিলিয়ানো মার্টিনেজ কার হাতেই বেশি নিরাপদ বিশ্বকাপের ট্রফি?
পরিসংখ্যান বলছে, এবারের বিশ্বকাপে কিছুটা এগিয়ে স্পেনের উনাই সিমন। টুর্নামেন্টে ১০টি সেভ করেছেন তিনি। যেখানে সেভের হার ৯০ শতাংশ। পুরো আসরে মাত্র ১টি গোল হজম করেছেন স্প্যানিশ এ গোলরক্ষক।
অন্যদিকে, আর্জেন্টিনার বিশ্বস্ত প্রহরী এমিলিয়ানো মার্টিনেজ করেছেন ৯টি সেভ। তার সেভের হার ৫৬ শতাংশ। এখন পর্যন্ত হজম করেছেন ৭টি গোল। তবে শুধু সেভের সংখ্যা নয়, আলোচনায় আছে গোলস প্রিভেন্টেড পরিসংখ্যানও। প্রত্যাশিত গোলের তুলনায় উনাই সিমন নিজের দলকে বাঁচিয়েছেন অতিরিক্ত ০ দশমিক ৭ গোল। অর্থাৎ কঠিন সুযোগ থেকেও প্রতিপক্ষকে গোল করতে দেননি তিনি।
অন্যদিকে, এমিলিয়ানো মার্টিনেজের গোলস প্রিভেন্টেড মাইনাস ১ দশমিক ৮। অর্থাৎ প্রত্যাশিত মানের তুলনায় ১ দশমিক ৮টি বেশি গোল হজম করেছেন তিনি।
তবে বিশ্বকাপের ফাইনাল শুধুই সংখ্যার খেলা নয়। এক মুহূর্তের একটি সেভই বদলে দিতে পারে পুরো ইতিহাস। পরিসংখ্যানের লড়াইয়ে এগিয়ে উনাই সিমন, কিন্তু বড় ম্যাচের নায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে এমিলিয়ানো মার্টিনেজেরও। শেষ পর্যন্ত বিশ্বকাপের মঞ্চে কার হাতে উঠবে গোল্ডেন গ্লাভস আর কে লিখবে নতুন ইতিহাস সেই উত্তর মিলবে ফাইনালের ৯০ মিনিটেই।





