ইংল্যান্ড-আর্জেন্টিনা দ্বৈরথ, কারা হতে পারেন ‘এক্স-ফ্যাক্টর’?

মেসি ও হ্যারি কেইন
মেসি ও হ্যারি কেইন | ছবি: সংগৃহীত
0

হ্যারি কেইন নাকি লিওনেল মেসি? জ্যুড বেলিংহ্যাম নাকি এনজো ফার্নান্দেজ? ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার সেমিফাইনালে মাঠের ভেতরেও আছে অন্য লড়াই। শুধু গোল স্কোরিং নয়, মাঝ মাঠের কৌশলেই বদলে যেতে পারে বিগ ম্যাচের চিত্র। দুই দলের কারা হয়ে উঠতে পারেন পুরো ম্যাচের এক্স-ফ্যাক্টর।

আরও একবার কি দেখা যাবে মেসির জাদুকরী মুহূর্ত। বিশ্বকাপে নিশ্চিতভাবেই নিজের শেষ দুই ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছেন সর্বকালের সেরা এ তারকা। আর্জেন্টিনাকে চলতি বিশ্বকাপে যতটা ভুগতে হয়েছে প্রতিপক্ষের সামনে, মেসিকে দেখা গেছে ততটাই উজ্জ্বল। চলতি বিশ্বকাপে ৮ গোল এবং ২ অ্যাসিস্ট। আসরে সবচেয়ে বেশি ২১ সুযোগ তৈরি করেছেন। ক্লাসিক্যাল নাম্বার টেন, উইঙ্গার কিংবা স্ট্রাইকার। সবখানেই ছিলেন অপ্রতিরোধ্য। লিওনেল মেসিকে বৃত্তের কেন্দ্র ভেবে আরও একবার আর্জেন্টিনা আবর্তিত হবে, সেটাই অনুমেয়।

তবে, মেসি যদি হন আর্জেন্টিনা নামের জাহাজের নাবিক, তবে তার ফার্স্টমেট হতে পারেন এনজো ফার্নান্দেজ। বিশ্বকাপে এখন পর্যন্ত এক গোল পেলেও বক্স-টু-বক্স মিডফিল্ডার হিসেবে খেলেছেন দারুণ ছন্দে। আসরে এখন পর্যন্ত ৯৩ শতাংশের বেশি সফল পাস দিয়েছেন। লংপাস কিংবা ক্রসের দিক থেকেও আর্জেন্টাইন মিডফিল্ডে সবচেয়ে বেশি এগিয়ে তিনিই। সেইসঙ্গে প্রায় ৪৫ শতাংশের বেশি ডুয়েল জিতে রক্ষণেও দলকে দারুণ সাহায্য করছেন চেলসিতে খেলা এ মিডফিল্ডার।

তবে, মাঝমাঠের লড়াইয়ে এনজোর চেয়ে ঢের এগিয়ে ইংল্যান্ডের জ্যুড বেলিংহাম। ম্যারাডোনার পর দ্বিতীয় ফুটবলার হিসেবে নকআউটে পরপর দুই ম্যাচে পেয়েছেন জোড়া গোল। চলতি আসরে ৬ ম্যাচে ৬ গোলের সঙ্গে আছে ১ অ্যাসিস্ট। সেইসঙ্গে ১৩ ট্যাকেলসহ ২১ ডিফেন্সিভ কন্ট্রিবিউশন বেলিংহামকে পরিণত করেছে ইংলিশ দুর্গের সবচেয়ে বড় প্রহরী হিসেবে।

এরসঙ্গে বাড়তি হিসেবে আছেন হ্যারি কেইন। ইংলিশ অধিনায়ক এবারের মৌসুমে সবমিলিয়ে করেছেন ৭১ গোল। বিশ্বকাপেও আছে ৬ গোল। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ডিফেন্সকে পরীক্ষায় ফেলবেন তিনি। তবে, এ লড়াইয়ে এক্স-ফ্যাক্টর হতে পারেন অ্যান্থনি গর্ডন। ফর্মের তুঙ্গে থাকা গর্ডন গোল না পেলেও করেছেন ৩ অ্যাসিস্ট। গোলের সুযোগ তৈরি করেছেন ৬টি। বিশ্বকাপের বিগ ম্যাচে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ করতে গর্ডন-বেলিংহাম বা কেইনরাই হতে পারেন যথেষ্ট।

জেআর