বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি ইউরোপের দুই জায়ান্ট ফ্রান্স ও স্পেন। যুক্তরাষ্ট্রের ডালাসের প্রথম সেমিফাইনালের উন্মাদনা ছড়ায় রাজধানী ঢাকাতেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ে টিএসসির জায়ান্ট স্ক্রিন ঘিরে তারই প্রতিচ্ছবি। খেলার প্রতিটি মুহূর্তেই করতালি, স্লোগান আর উল্লাসে হয়ে ওঠে মুখর।
প্রিয় দলের খেলা দেখতে নির্ধারিত সময়ের আগেই জড়ো হতে থাকেন ফুটবলপ্রেমী দর্শকরা। শিক্ষার্থী আর সাধারণ দর্শকদের উপস্থিতি রূপ নেয় উৎসবে। নিজ দলের জার্সি আর পতাকা হাতে মাতিয়ে রাখেন পুরো এলাকা।
খেলার শুরু থেকেই দুরন্ত ফ্রান্স যেন অনেকটাই বিবর্ণ হয়ে পড়ে। স্পেনের নান্দনিক ফুটবলের কাছে অনেকটা ধরাশায়ী এমবাপ্পে-ডেম্বেলেরা। প্রথমার্ধের ২২ মিনিটে পেনাল্টি থেকে গোল পেয়ে লিড নেয় স্পেন। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়েন সমর্থকরা।
আরও পড়ুন
দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার চেষ্টা থাকলেও ব্যর্থ হয় ফরাসিরা। স্প্যানিশ মিডফিল্ড ও ডিফেন্সের কাছে পরাস্ত হয় তারা। উল্টো ৫৮ মিনিটে দ্বিতীয় গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে দিদিয়ের দেশমের দল।
শেষ পর্যন্ত অসাধারণ টিম পারফরম্যান্সে ২-০ গোলের জয়ে ১৬ বছর পর ফাইনালের টিকিট নিশ্চিত করে স্পেন। আর আসরের অন্যতম ফেভারিট হয়েও বিদায় নিতে হয় ফ্রান্সকে। প্রিয় দলের জয়ে তাই উচ্ছ্বাসে মুখরিত হয়ে ওঠে টিএসসি চত্বর। স্পেনের কয়েকজন সমর্থক জানান, স্পেনের দারুণ ফর্ম আছে। ফাইনালে যেই আসবে স্পেনই জয় পাবে।
এদিকে, প্রিয় দলের পরাজয়ে হতাশ হয়ে পড়েন অনেকেই। দুভার্গ্যক্রমে হারলেও প্রত্যাশা আগামীতে ভালো খেলার।
ফ্রান্সের একজন সমর্থক বলেন, ‘ওদের অ্যাটাকে এত ভালো ভালো প্লেয়ার আছে, ওরা এ ম্যাচে অ্যাটাকই করে নাই। লাস্টে যে দুই-তিনবার অ্যাটাক করেছে, তা শুরু থেকেই করা উচিত ছিলো।’
এদিকে, বিশ্বকাপের ফাইনালে স্পেনের প্রতিপক্ষ হতে বুধবার রাতে লড়বে ইংল্যান্ড ও আর্জেন্টিনা।





