৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে অনন্য কীর্তি এমবাপ্পের

কিলিয়ান এমবাপ্পে
কিলিয়ান এমবাপ্পে | ছবি: সংগৃহীত
0

৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে টানা দুই বিশ্বকাপে ৮ গোল করা একমাত্র ফুটবলার হলেন ফ্রেঞ্চ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপকে পরিণত করেছেন নিজের প্রিয় জায়গায়। চলতি বিশ্বকাপে ৮টি গোল ও ৩টি অ্যাসিস্টে এগিয়ে আছেন গোল্ডেন বুটের দৌড়েও। বিশ্বকাপ শেষে এমবাপ্পের গোলসংখ্যা কোথায় গিয়ে থামবে?

বিশ্বকাপে গোল করা অনেকের পক্ষেই সম্ভব। কিন্তু একই ধারাবাহিকতা ধরে রেখে ইতিহাস লেখা কেবল বিশেষদের কাজ। ৯৬ বছরের বিশ্বকাপ ইতিহাসে যে কীর্তি গড়তে পারেননি কোনো ফুটবলার, সেটাই করে দেখিয়েছেন কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপের ইতিহাসে মাঠে নেমেছেন ৭ হাজারের বেশি ফুটবলার। অথচ ১ আসরে ৮ গোল করতে পেরেছেন হাতে গোনা কয়েকজন। সেই কীর্তিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন এমবাপ্পে।

টানা দুই বিশ্বকাপে অন্তত ৮টি গোল করে বিশ্বকাপের নতুন এক মানদণ্ড তৈরি করেছেন ফরাসী এই তারকা। মাত্র ২৭ বছর বয়সেই বিশ্বকাপকে পরিণত করেছেন নিজের প্রিয় জায়গায়। বড় ম্যাচ, নক আউটের চাপ কিংবা শক্তিশালী প্রতিপক্ষ কোনো কিছুই থামাতে পারছেনা তার গোলের ক্ষুধা।

২০২২ কাতার বিশ্বকাপে ৮ গোল করে জিতেছিলেন গোল্ডেন বুট। ৪ বছর পর ২০২৬ বিশ্বকাপে এর মধ্যেই ৮ গোল করে গড়ে ফেলেছেন অনন্য এক রেকর্ড। বিশ্বকাপের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে টানা দুই আসরে অন্তত ৮টি করে গোল করার কীর্তি এখন শুধুই তার।

চলতি বিশ্বকাপে ৮ টি গোল ও ৩টি অ্যাসিস্ট। অর্থাৎ সরাসরি ১১টি গোলে অবদান রেখেছেন কিলিয়ান এমবাপ্পে। টানা দুই বিশ্বকাপে অন্তত ১০টি গোলে সরাসরি অবদান রাখারও দুর্দান্ত কীর্তি গড়েছেন তিনি। এমন পারফরমেন্সে এবারের গোল্ডেন বুটের দৌড়ে এখন তিনিই এগিয়ে।

মরক্কোর বিপক্ষে কোয়ার্টার ফাইনালে গোলের পর বিশ্বকাপে ২০ ম্যাচে তার গোল সংখ্যা এখন ২০টি। লিওনেল মেসির পর বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও এখন এ ফ্রেঞ্চ সুপারস্টার।

ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ১০০ গোলে অবদান রাখা ১ম ফুটবলারও হয়েছেন এমবাপ্পে।

নকআউট পর্ব কিংবা ফাইনাল-মঞ্চ যত বড়, এমবাপ্পে যেন ততটাই ভয়ংকর। রেকর্ড ভাঙার গল্পে নতুন অধ্যায় লিখেই চলেছেন কিলিয়ান এমবাপ্পে। এখন প্রশ্ন একটাই বিশ্বকাপ

শেষে এমবাপ্পের গোলসংখ্যা কোথায় গিয়ে থামবে? আর তাতেই হয়তো বিশ্বকাপের ইতিহাসে রচিত হবে নতুন কোনো রেকর্ড।

জেআর