নরওয়ের উল্লাসে ব্রাজিলের বিদায়; অশ্রুসিক্ত নেইমারের বিশ্বকাপের শেষ অধ্যায়

নেইমার
নেইমার | ছবি : সংগৃহীত
0

একদিকে নরওয়ের ঐতিহাসিক উল্লাস, অন্যদিকে নেইমারের অশ্রুসিক্ত বিদায়। ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে আবারও স্বপ্নভঙ্গ ব্রাজিলের, আর বিশ্বকাপ অধ্যায়ের শেষ পাতায় যোগ হলো নেইমারের জীবনের সবচেয়ে বেদনাময় গল্প।

চারটি বিশ্বকাপ. অগণিত স্বপ্ন. কিন্তু শেষ পর্যন্ত শুধু চোখের পানি! ২০২৬ বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের সঙ্গে শেষ হয়ে গেল নেইমারের বিশ্বকাপ অধ্যায়ও।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচ শেষে সতীর্থদের সান্ত্বনাতেও নিজের কান্না থামাতে পারেননি সেলেসাওদের এই নম্বর টেন।

দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে ব্রাজিলের একমাত্র গোলটি করেন নেইমার। কিন্তু তার সেই গোলও পরাজয় এড়াতে পারেনি।

আরও পড়ুন:

এই বিদায়ের মধ্য দিয়েই গড়ে উঠেছে এক বেদনাদায়ক রেকর্ড। থিয়াগো সিলভার পর নেইমার হলেন মাত্র দ্বিতীয় ব্রাজিলিয়ান ফুটবলার, যিনি দেশের হয়ে চারটি বিশ্বকাপ খেলেও একবারের জন্যও শিরোপা জিততে পারলেন না।

তবে হতাশার রাতেও এসেছে একটি অনন্য অর্জন। চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করে ব্রাজিলের কিংবদন্তি পেলের কীর্তিতে ভাগ বসিয়েছেন নেইমার। এখন ব্রাজিলের ইতিহাসে পেলে ও নেইমারই একমাত্র ফুটবলার, যারা চারটি আলাদা বিশ্বকাপে গোল করার নজির গড়েছেন।

স্বপ্ন ছিল বিশ্বকাপ হাতে বিদায় বলার। কিন্তু ভাগ্যের লেখা ছিল অন্যরকম। তাই ইতিহাসে জায়গা মিললেও, নেইমারের বিশ্বকাপ যাত্রা শেষ হলো অপূর্ণতা, আক্ষেপ আর অশ্রুভেজা এক বিদায়ের গল্প হয়ে।

এফএস