বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে স্পেন। ক্যালিফোর্নিয়ার কারসনে অনুশীলনে ব্যস্ত সময় কাটিয়েছে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা।
অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার আগে স্পেনের জন্য সুখবর যে দলের তিন গুরুত্বপূর্ণ ফুটবলার লামিনে ইয়ামাল, ইয়েরেমি পিনো ও ভিক্টর মুনিয়েজ তিনজনই এখন পুরোপুরি ফিট। ফলে শেষ ষোলোর লড়াইয়ে শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামতে পারবে লা রোহারা।
স্পেন কোচ দেলা ফুয়েন্তে জানিয়েছেন, বিশ্বকাপের শুরুটা প্রত্যাশামতো না হলেও দল ধীরে ধীরে নিজেদের ভুলগুলো শুধরে নিচ্ছে। গ্রুপ পর্বে কেপ ভার্দের সঙ্গে ড্র, উরুগুয়ের বিপক্ষে কষ্টার্জিত জয় এবং শুধু সৌদি আরবের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় এই তিন ম্যাচে নিজেদের সেরা ছন্দে দেখা যায়নি স্পেনকে। তবে কোচের বিশ্বাস, আসল স্পেনকে দেখা যাবে নকআউট পর্বেই।
আরও পড়ুন:
দারুণ এক রেকর্ড নিয়েই অস্ট্রিয়ার বিপক্ষে মাঠে নামছে স্পেন। টানা ৩৪ ম্যাচ অপরাজিত থাকার পাশাপাশি এই বিশ্বকাপে এখনও তাদের জালে বল জড়াতে পারেনি কোনো প্রতিপক্ষ। তবে প্রশ্ন একটাই প্রচুর বল দখলে রেখেও শক্ত রক্ষণ ভাঙতে পারবে তো লা রোহারা?
রালফ রাংকিয়ের অধীনে দারুণ সংগঠিত অস্ট্রিয়া ৪৪ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে। গ্রুপ 'জে'-তে রানার্সআপ হয়ে আত্মবিশ্বাস নিয়েই নামছে তারা। রালফ স্পষ্ট জানিয়েছেন, স্পেন এই মুহূর্তে বিশ্বের অন্যতম শক্তিশালী দল। সামনে কঠিন পরীক্ষা, তবে আত্মবিশ্বাস হারাচ্ছে না অস্ট্রিয়ান শিবির।
এখন দেখার অপেক্ষা, অপরাজিত ধারাবাহিকতা ধরে রেখে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারে কি না স্পেন, নাকি ৪৪ বছর পর নকআউটে ফিরে নতুন ইতিহাস গড়বে অস্ট্রিয়া।





