বিশ্বকাপে স্বপ্নভঙ্গ, তবু মেক্সিকোর মানুষের ভালোবাসায় সিক্ত ইরান

ইরান ফুটবল দলেকে শুভেচ্ছা
ইরান ফুটবল দলেকে শুভেচ্ছা | ছবি: সংগৃহীত
0

শত শত সমর্থকের ভালোবাসা, করতালি আর শুভকামনায় মেক্সিকোর তিহুয়ানা ছেড়েছে ইরান ফুটবল দল। জয়-পরাজয় খেলারই অংশ। কিন্তু কখনও কখনও মাঠের ফলাফলের চেয়েও বড় হয়ে ওঠে মানুষের ভালোবাসা। বিশ্বকাপ থেকে বিদায় নিলেও তেমনই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী হয়েছে ইরান জাতীয় ফুটবল দল। মেক্সিকোর তিহুয়ানায় বিদায়বেলায় সমর্থকদের উষ্ণ ভালোবাসায় সিক্ত হয়েছে দলটি।

বিশ্বকাপের স্বপ্ন শেষ। কিন্তু ভালোবাসার জয়টা হলো মাঠের বাইরেই। বিদায়ের মুহূর্তেও ইরান জাতীয় ফুটবল দলকে ভালোবাসায় ভাসিয়েছেন মেক্সিকোর তিহুয়ানার ফুটবলপ্রেমীরা।

গতকাল (মঙ্গলবার, ৩০ জুন) দলের হোটেলের বাইরে সকাল থেকেই জড়ো হন শতশত সমর্থক। কারও হাতে ইরানের পতাকা, কারও হাতে জার্সি, আবার কেউ অপেক্ষায় ছিলেন প্রিয় ফুটবলারের একটি অটোগ্রাফের জন্য। দলীয় বাসে ওঠার আগে খেলোয়াড় ও কোচিং স্টাফ সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন, অটোগ্রাফ দেন, ছবি তোলেন এবং হাসিমুখে বিদায় জানান।

বিদায়বেলায় আবেগঘন বার্তা দেন ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি। তিনি বলেন, নকআউট পর্বে ওঠা না গেলেও দল গর্ব ও সম্মান নিয়েই বিশ্বকাপ শেষ করছে। একই সঙ্গে মেক্সিকো ও দেশটির মানুষের আন্তরিক আতিথেয়তার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ বিশ্বকাপে ইরান ও মেক্সিকোর মধ্যে গড়ে ওঠা সম্পর্ক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

স্থানীয় সমর্থকদের কণ্ঠেও ছিলো ভালোবাসা আর সহমর্মিতা। মেক্সিকান সমর্থক মার্তা পালাসিওস বলেন, তিহুয়ানার মানুষ ইরান দলকে আপন করে নিয়েছিল। যুক্তরাষ্ট্রে দলটির সঙ্গে ঘটে যাওয়া ঘটনাগুলোও তাকে ব্যথিত করেছে বলে জানান তিনি।

বিশ্বকাপের অভিযান শেষ। তবে তিহুয়ানায় সমর্থকদের উষ্ণ ভালোবাসা আর আবেগঘন বিদায় ইরান দলের জন্য হয়ে থাকবে এ সফরের সবচেয়ে সুন্দর স্মৃতিগুলোর একটি।

জেআর