২০৩৪ বিশ্বকাপে সাশ্রয়ী টিকিট, ভিসা সহজ করার প্রতিশ্রুতি সৌদির

বিশ্বকাপের ট্রফি
বিশ্বকাপের ট্রফি | ছবি : সংগৃহীত
0

সাধারণ মানুষের সামর্থ্য বিবেচনায় রেখেই ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের টিকেটের মূল্য নির্ধারণ করবে আয়োজক দেশ সৌদি আরব। এছাড়াও, ভিসা জটিলতা কাটাতে বিশ্বকাপ মৌসুমে অন-অ্যারাইভাল ই-ভিসার সুবিধা বাড়াবে রিয়াদ। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে নিজেদের বিশ্বকাপ ভাবনার কথা জানিয়েছেন সৌদি আরবের ক্রীড়ামন্ত্রী।

ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। দ্য গ্রেটেস্ট শো অন আর্থ-নিয়ে উন্মাদনা ও উদযাপনে যেমন কোনো কমতি নেই তেমনি আছে অভিযোগের লম্বা ফিরিস্তি। ম্যাচের গুরুত্ব ও আসনভেদে ব্যাপকভাবে ওঠানামা করছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিটের দাম। সাধারণ ক্যাটাগরিতে অফিশিয়াল দাম শুরু ৬০ ডলার থেকে, যা রিসেল মার্কেটে ৬০০ ডলার বা তারও বেশি পর্যন্ত উঠছে।

ফুটবল অনুরাগীদের এই অভিযোগকেই সবচেয়ে গুরুত্ব দিচ্ছে আসন্ন ২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপের আয়োজক দেশ সৌদি আরব। রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানালেন ক্রীড়ামন্ত্রী প্রিন্স আব্দুল আজিজ বিন তুর্কি আল ফয়সাল।

ক্রীড়ামন্ত্রী অভিযোগ করেন, ২০২২ সালের কাতার বিশ্বকাপের চেয়ে বহুগুণ বেড়েছে টিকিটের দাম। যদিও খোদ ফিফাই বিশ্বকাপের টিকিটের দাম নির্ধারণ করে। মন্ত্রী আশ্বস্ত করেন, ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে বোঝাপড়ার মাধ্যমেই টিকেটের দাম জনসাধারণের সামর্থ্যের আওতায় আনার পরিকল্পনা আছে সৌদি আরবের।

আরও পড়ুন:

এছাড়াও ভিসা জটিলতা সহজ করার আশ্বাস দিয়েছে রিয়াদ। ক্রীড়ামন্ত্রীর প্রতিশ্রুতি, সৌদি আরবে ৬০টিরও বেশি দেশের জন্য অন-অ্যারাইভাল ই-ভিসার সুবিধা রয়েছে যা বিশ্বকাপের সময় আরও বাড়ানো হবে। ২০১৮ সালে ফর্মুলা ই রেসিং আয়োজনের সময় থেকেই পর্যটন ভিসা চালু করে রিয়াদ।

এখনও পর্যন্ত দেড় শতাধিক আন্তর্জাতিক ইভেন্ট আয়োজন করেছে সৌদি আরব। ২০২৭ সালে এশিয়ান কাপ আয়োজনের মধ্য দিয়ে ২০৩৪ ফুটবল বিশ্বকাপের ভেন্যুগুলো চূড়ান্ত করবে রিয়াদ।

সৌদি সরকারের ক্রীড়ামন্ত্রী আরও আশ্বাস দিয়েছেন, ভক্ত ও সমর্থকদের নিরাপত্তার বিষয়টিতেও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হবে। এসময় সৌদি প্রো লিগের ম্যাচগুলোর উদাহরণ দেন তিনি। এবং সেখানে দর্শক উপস্থিতি ও আয়োজনের সার্থকতা নিয়েও গর্ব করেন।

২০৩৪ সালে এককভাবে ৪৮টি দলের এই বর্ধিত ফরম্যাটের বিশ্বকাপ ফুটবল আয়োজন করতে যাচ্ছে সৌদি আরব। একই ফরমেটে এবারের আসরে আয়োজক দেশের সংখ্যা ৩। কাজেই এই আয়োজন রিয়াদের জন্য অন্যতম বড় একটি চ্যালেঞ্জ ও অর্জন হতে যাচ্ছে।

এফএস