মিউনিখের অ্যালিয়াঞ্জ এরিনায় ম্যাচটি স্মরণীয় করে রাখার প্রত্যয় জানালেও ব্যর্থ হন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। শেষ সময়ে গোল করে হার এড়ালেও ফাইনালে উঠতে ব্যর্থ হলো জার্মান ক্লাবটি।
ইউরোপিয়ান ফুটবলে এখন নতুন এক জাদুকরের নাম কাভারাৎসখেলিয়া। গোল করা হোক কিংবা গোল করানো, পিএসজির সবচেয়ে বড় ভরসা তিনি।
আরও পড়ুন
ম্যাচের মাত্র তিন মিনিটেই জাদু দেখান কাভারাৎসখেলিয়া। মাঝমাঠ থেকে দুর্দান্ত পাসে তৈরি করেন আক্রমণ, পরে উসমান দেম্বেলের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রথম লেগে করেছিলেন জোড়া গোল। দ্বিতীয় লেগে গোল না পেলেও পুরো ম্যাচে ছিলেন দুর্দান্ত। চলতি আসরে এখন পর্যন্ত পিএসজির হয়ে সর্বোচ্চ ১০ গোল এই জর্জিয়ান তারকার।
ম্যাচ শেষ হওয়ার কয়েক মিনিট আগে হ্যারি কেইনের গোলে হার এড়ালেও শেষ রক্ষা হয়নি বাভারিয়ানদের। ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন বায়ার্ন কোচ ভিনসেন্ট কোম্পানি। রেফারির কয়েকটি সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলেও মন্তব্য করেন তিনি।
এবার শিরোপার লড়াইয়ে পিএসজির সামনে আর্সেনাল। ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টে হবে ইউরোপ সেরার মহারণ। এখন দেখার অপেক্ষা কাভারাৎসখেলিয়া জাদুতে পিএসজি কি ধরে রাখতে পারে চ্যাম্পিয়ন্স লিগের মুকুট।





