ইউরোপীয় ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে হাইভোল্টেজ এক লড়াই। চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের প্রথম লেগে মুখোমুখি হচ্ছে দুই হেভিওয়েট অ্যাটলেটিকো মাদ্রিদ ও আর্সেনাল।
মাদ্রিদের এস্তাদিও মেট্রোপলিতানোতে নিজেদের মাঠে নামছে অ্যাটলেটিকো। ডিয়েগো সিমিওনের দল এবার ভিন্ন রূপে রক্ষণ নয়, আক্রমণেই তাদের জোর। এই মৌসুমে ইতোমধ্যেই ৩৪ গোল করেছে তারা- যা ইউরোপে ইতিহাসের সেরা পারফরম্যান্স।
আরও পড়ুন:
তবে ইংলিশ ক্লাবের বিপক্ষে সাম্প্রতিক রেকর্ড খুব একটা ভালো নয়। গ্রুপ পর্বেই আর্সেনালের কাছে ৪-০ গোলের হার সেটাও বড় ফ্যাক্টর। অন্যদিকে, দুর্দান্ত ছন্দে আছে আর্সেনাল। মিকেল আর্তেতার দল এখনো অপরাজিত এই আসরে। কোয়ার্টার ফাইনালে স্পোর্টিং লিসবনকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সেমিতে তারা। স্প্যানিশ দলের বিপক্ষে আত্মবিশ্বাসী গানাররা। শেষ সাত ম্যাচেই জয় তাদের দিচ্ছে বাড়তি আত্মবিশ্বাস।
দুই দলেই আছে ইনজুরি চিন্তা। পাবলো বারিওস হ্যামস্ট্রিংয়ে, হোসে গিমেনেজ পড়েছেন মাসল ইনজুরিতে। এছাড়া অ্যাডেমোলা লুকমান ও ডেভিড হ্যানকো ও আছেন ইনজুরি শঙ্কায়। তবে বড় ম্যাচে তারকারাই পার্থক্য গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য। সাকা, গ্রিজমান, আলভারেজ সবাই থাকবেন লাইম লাইটে। প্রথম লেগ হওয়ায় ম্যাচটা হতে পারে কৌশলী ও সতর্ক। দুই দলই চাইবে লন্ডনের দ্বিতীয় লেগের আগে নিজেদের অবস্থান শক্ত রাখতে।
ফাইনালের টিকিট মাত্র এক ধাপ দূরে। জয় পেলে সামনে অপেক্ষা করছে বায়ার্ন মিউনিখ কিংবা পিএসজি। লড়াইটা হবে হাড্ডাহাড্ডি তবে নাটকীয়তার সব সম্ভাবনাই খোলা থাকছে মাদ্রিদের রাতে।





