ফেডারেশন কাপ: পিডব্লিউডির কাছে প্রথম রাউন্ডেই হেরেছে আবাহনী

আবাহনী বনাম পিডব্লিউডি
আবাহনী বনাম পিডব্লিউডি | ছবি: এখন টিভি
0

ফেডারেশনে কাপের প্রথম রাউন্ডেই অঘটনের জন্ম দিলো পিডব্লিউডি। তাদের বিপক্ষে দায়সারা শুরুকেই হারের মূল কারণ বলে মানছেন আবাহনীর কোচ মারুফুল হক। আক্রমণ, মধ্যমাঠ ও ডিফেন্স তিন ডিপার্টমেন্টেই ব্যর্থ হয়েছে আকাশী-নীল শিবির। অপরদিকে দারুণ পারফরম্যান্সে সবাইকে চমকে দিয়ে জয় নিজেদের করে নিয়েছে পিডব্লিউডি।

ফেডারেশন কাপে বড় চমক কিংবা দাপুটে পারফরম্যান্স নয়, বরং সুযোগ নষ্টের মহড়ায় বিদায় নিলো ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেড। আর সেই সুযোগ কাজে লাগিয়ে ইতিহাস গড়লো পিডব্লিউডি এফসি।

বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনী দেখায় আবাহনী। ১০ মিনিটেই ভালো সুযোগ পেয়েছিলেন কাজেম শাহ কিরমানি। কিন্তু জোরালো শট ঠেকিয়ে আবাহনীকে গোলবঞ্চিত করেন প্রতিপক্ষ গোলরক্ষক।

২২ মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন আল আমিন। ৩০ মিনিটে শেখ মোরসালিনের শটও ফিরিয়ে দেন পিডব্লিউডির গোলকিপার সারোয়ার জাহান। প্রথমার্ধে একাধিক সুযোগ তৈরি করেও গোলের দেখা পায়নি আবাহনী।

দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র বদলে যায়। ৬৫ মিনিটে দ্রুত কাউন্টার অ্যাটাকে এগিয়ে যায় পিডব্লিউডি। আবু সাইদের কাটব্যাক থেকে নিখুঁত ফিনিশিংয়ে জালের দেখা পান মোহাম্মদ আব্দুল্লাহ।

আরও পড়ুন:

গোল হজমের পর মরিয়া হয়ে ওঠে আবাহনী। ৭৮ ও ৮৬ মিনিটে মিরাজুল ইসলামের সুযোগ পেলেও দুবারই ব্যর্থ হন। শেষ মুহূর্তে দিয়াবাতের হেডও হয় লক্ষ্যভ্রষ্ট।

ফলে চার ম্যাচে মাত্র চার পয়েন্ট নিয়ে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ১২ বারের চ্যাম্পিয়ন আবাহনী। ফেডারেশন কাপে যা নিঃসন্দেহে বড় এক অঘটন। সঙ্গত কারণে কোচ মারুফুল হকের কণ্ঠেও ঝড়লো হতাশা।

মারুফুল হক বলেন, ‘একটা ম্যাচে যদি প্লেয়ার ক্যাজুয়ালি স্টার্ট করে, সে কখনোই সিরিয়াস হইতে পারে না। কেউ যখন ক্যাজুয়ালি, আমরা যখন ক্যাজুয়ালি স্টার্ট করেছি, সেখান থেকে আর আসলে আমাদের কামব্যাক করা সম্ভব না। সিজন শুরুর আগে আগেই বলেছি যে, আমরা টুর্নামেন্ট এবং লিগের জন্য চ্যাম্পিয়ন ফাইটের জন্য খেলবো। সেই জায়গায় আমরা সেমিফাইনালি কোয়ালিফাই করতে পারি নাই, সেটা তো আপসেট হওয়ারই কথা। আর পিডব্লিউডিকে ধন্যবাদ, তারা যোগ্যতর টিম হিসেবে ওরা উইন করেছে। আরও বেশি গোল হলেও আমাদের করার কিছু ছিল না। আজকে আমার তিনটে ডিপার্টমেন্টই খেলতে পারে নাই আরকি।’

আবাহনী বিদায় নিলেও ১০ পয়েন্ট নিয়ে গ্রুপ থেকে সবার আগে নক আউট পর্বের টিকিট কেটেছে ব্রাদার্স ইউনিয়ন। অন্যদিকে আবাহনীকে হারিয়ে আলোচনার জন্ম দিলেও গোল পার্থক্যের কারণে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে পিডব্লিউডি। অবশ্য আবাহনীকে হারানোর অনুপ্রেরণায় পরের নতুন শুরুর স্বপ্ন দেখতে পারে দলটি।

এসএস