লম্বা সময় পর আলফাজ আহমেদের হাত ধরেই শিরোপার স্বপ্ন দেখতে শুরু করেছিলো ঢাকার ফুটবলের বড় নাম মোহামেডান। ক্যাসিনো কেলেঙ্কারি কিংবা দুর্বল আর্থিক কাঠামোর জন্য লম্বা সময় আলোচনার বাইরেই ছিলো সাদা-কালোরা। লড়তে হয়েছে অবনমন এড়াতে। তবে নিজেদের ঘরের ছেলে আলফাজ আহমেদের হাত ধরে প্রথমে ফেডারেশন কাপ, পরে লিগ শিরোপাও ঘরে এনেছে মোহামেডান।
যদিও এক মৌসুম পরেই দেখতে হয়েছে উল্টো চিত্র। লিগে বর্তমানে আছে ৭ম স্থানে। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর কাছে লিড নিয়েও হেরেছে তারা। এরপরেই বরখাস্ত হয়েছেন কোচ আলফাজ আহমেদ। অন্তর্বর্তী কোচ হয়েছেন আব্দুল কাইয়ুম সেন্টু। ক্লাবের পরিচালনার সঙ্গে যুক্ত সাবেক স্ট্রাইকার জসিম উদ্দিন জোসি এমন অবস্থার জন্য আর্থিক সক্ষমতা না থাকাকেই দায়ী করেছেন।
আরও পড়ুন:
সাবেক ফুটবলার ও কোচ জসিম উদ্দিন জোসি বলেন, ‘গতবছরের লীগ চ্যাম্পিয়ন দল এবছর দল তৈরি করতে পারে নাই আর্থিক সংকটের কারণে এই দলটা প্রফেশনাল ফুটবল খেলছে তাদের নিজস্ব কোনো মাঠ নাই। অনেকে বেতন না পাওয়ায় ও প্রাক্টিসে আসতে চাচ্ছে না।’
সাবেক এ স্ট্রাইকার অবশ্য মনে করেন, বাংলাদেশ ফুটবলে অসম প্রতিযোগিতার কারণে ভুগছে মোহামেডান।
জসিম উদ্দিন জোসি বলেন, ‘ভালো খেলোয়াড়দেরকে বসুন্ধরা নিয়ে যাচ্ছে, যার ফলে বাকি দলগুলোর জন্য অনেক কষ্ট হচ্ছে দল সাজাতে। যার ফলে ফুটবলে অসম প্রতিযোগিতা হচ্ছে।’
অবশ্য নির্বাচনের পর দায়িত্ব পাওয়া নতুন কমিটি মোহামেডানের উন্নতি ঘটাতে পারবেন বলেও বিশ্বাস করেন ক্লাবের সাবেক এ খেলোয়াড়।





