চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব-২০ নারী দল

অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব-২০ নারী দল
অনুশীলনে ব্যস্ত অনূর্ধ্ব-২০ নারী দল | ছবি: সংগৃহীত
0

চীনের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ব্যাংককে আজ (শুক্রবার, ৩ এপ্রিল) আল পাইন ট্রেনিং ক্যাম্পে দেড় ঘণ্টার অনুশীলন সেশন সেরেছে টিম বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচের আগে নিজেদের ভুল শোধরানোর দিকে বেশি মনোযোগী ছিলেন কোচ পিটার বাটলার। থাইল্যান্ডে গরমের তীব্রতা থাকলেও ম্যাচে ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা। ব্যাংককের রাজামাঙ্গালা স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়।

২০২৬ অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ বাছাইপর্বে থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ৩-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী চীনের বিপক্ষে লড়াইয়ের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে অর্পিতা-সাগরিকারা।

গরম ও আর্দ্র আবহাওয়া সত্ত্বেও হেড কোচ পিটার বাটলার খেলোয়াড়দের নিয়ে প্রায় ৭৫ মিনিটের একটি ইনটেনসিভ ট্রেনিং পরিচালনা করেন। সেশনে ছিল স্ট্রাকচার্ড ওয়ার্ম-আপ, পাসিং ড্রিল এবং ম্যাচ পরিস্থিতি ভিত্তিক একটি প্রতিযোগিতামূলক ইনট্রা-স্কোয়াড প্র্যাকটিস ম্যাচ।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের গোলকিপার কোচ, মাসুদ আহমেদ বলেন, ‘ছোট-খাটো সমস্যা ছাড়া বড় কোনো ইনজুরি নাই। আজকে মোটামুটি ২৩ জনে স্কোয়াডের সবাই ট্রেনিং করেছে। গত ম্যাচে যে ভুলগুলো ছিলো সেগুলো কীভাবে ঠিক করা যায় সে বিষয়ে কোচ কাজ করেছেন।’

গত ম্যাচে চিহ্নিত কিছু দুর্বল দিক নিয়ে কোচিং স্টাফ খেলোয়াড়দের সাথে আলাদাভাবে কাজ করেন। অনুশীলনের শেষ অংশে সেট-পিস ট্রেনিং করানো হয়, যেখানে ছিলো আক্রমণ ও রক্ষণ দুই দিক থেকেই বিভিন্ন পরিস্থিতি নিয়ে ড্রিল।

আরও পড়ুন:

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের গোলকিপার কোচ, মাসুদ আহমেদ বলেন, ‘চীন বিশ্ব ফুটবলে ভালো অবস্থানে রয়েছে আমরা তাদের বিরুদ্ধে খেলবো তাই আমরা আমাদের ডিফেন্ডিং সেইপ ও সেফ পিসগুলো নিয়ে আমরা কাজ করেছি। ওটার উপর জোর দিচ্ছি আমরা।’

সেশন শেষে কোচ পিটার বাটলার মাঠেই খেলোয়াড়দের সঙ্গে সংক্ষিপ্ত আলোচনা করেন। গত ম্যাচের গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরে চীনের বিপক্ষে ম্যাচের জন্য প্রয়োজনীয় কৌশলগত নির্দেশনা দেন তিনি। চীনের বিপক্ষে সেরা খেলা খেলতে আত্মবিশ্বাসী অধিনায়ক অর্পিতা।

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের অধিনায়ক অর্পিতা বিশ্বাস বলেন, ‘কোচ আমাদের পজিশন ও সেইপে যে ভুল ছিল যেগুলোতে কাজ করিয়েছে এছাড়া ফিনিশিং নিয়ে আমাদের কাজ করিয়েছেন। চীনের দলটি বেশ ভালো আমরা ভালো ফাইট দেবে আশা করি এবং আমরা রেডি ফাইট করার জন্য।’ চ্যালেঞ্জটা কঠিন, প্রতিপক্ষ শক্তিশালী তবুও স্বপ্ন শক্তিশালী চীনকে হারিয়ে নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে চায় দামাল কন্যারা।

এএম