এশিয়ান কাপ বাছাই: শেষ ম্যাচে কাল সিঙ্গাপুরের বিপক্ষে নামবে জামাল ভূঁইয়ার দল

বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন
বাংলাদেশ ফুটবল দলের অনুশীলন | ছবি: এখন টিভি
0

ভিয়েতনামের কাছে হতাশাজনক হারের তিক্ততা ভুলে নতুন লড়াইয়ে নামতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ের শেষ ম্যাচে আগামীকাল (মঙ্গলবার, ৩০ মার্চ) তাদের প্রতিপক্ষ সিঙ্গাপুর। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।

সিঙ্গাপুর ম্যাচের আগে দলে ফিরেছে আত্মবিশ্বাস। বিশেষ করে দেশটিতে থাকা প্রবাসী বাংলাদেশি সমর্থকদের অকুণ্ঠ ভালোবাসা এবং তাদের সমর্থন বাড়তি প্রেরণা যোগাচ্ছে ফুটবলারদের।

তবে নির্দিষ্ট সংখ্যার বাইরে বাংলাদেশি সমর্থকদের টিকিট দেয়নি সিঙ্গাপুর ফুটবল ফেডারেশন। ভক্তদের টিকিট না পাওয়ায় খারাপ লেগেছে অধিনায়ক জামাল ভূঁইয়ারও। তবে সবকিছু ছাপিয়ে ম্যাচটিতে পয়েন্ট অর্জন করেই দেশে ফেরার প্রত্যাশা তার।

জামাল ভূঁইয়া বলেন, ‘হোটেলের সামনে অনেক ফ্যান মিট করেছে। তারা সবাই রিকুয়েস্ট করেছে আরও টিকিট ম্যানেজ করার জন্য। কিন্তু সিঙ্গাপুর ফেডারেশন দিতে পারে না।’

আরও পড়ুন:

অন্যদিকে বাংলাদেশের প্রধান কোচ কাবরেরা এই ম্যাচে জয়ের ব্যাপারে আশাবাদী। জানান, এশিয়ান কাপের মূলপর্বে কোয়ালিফাই করতে ব্যর্থ হলেও, এখন পর্যন্ত ভালো অবস্থানেই রয়েছে বাংলাদেশ।

এদিকে আগেই এশিয়ান কাপে নিজেদের জায়গা পাকা করে রেখেছে সিঙ্গাপুর। শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়ে এশিয়ান কাপে যাওয়ার প্রস্তুতি সেরে রাখার কাজটি করতে চান দলটির হেড কোচ গ্যাভিন লি। সংবাদ সম্মেলনে হামজা চৌধুরীকে নিয়ে বাড়তি প্রশংসাও ছিল কোচের কণ্ঠে।

আগের ম্যাচগুলোতে অবশ্য সিঙ্গাপুরের বিপক্ষে কোনো সুখস্মৃতি নেই বাংলাদেশের। মুখোমুখি দেখায় তিন ম্যাচেই হেরেছে লাল-সবুজরা। তবে এশিয়ান কাপ বাছাইয়ের এবারের যাত্রায় অ্যাওয়ে ম্যাচে না হারার বিষয়টি আশা দেখাচ্ছে বাংলাদেশ শিবিরকে।

এসএস