সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে প্রস্তুত বাংলাদেশ দল। লক্ষ্য একটাই শিরোপা। অতীতে খুব কাছে গিয়েও টাইব্রেকার কিংবা সামান্য ব্যবধানে হাতছাড়া হয়েছে শিরোপা। তাই এবার শুরু থেকেই পরিকল্পনা আরও শক্ত, আরও সংগঠিত।
ঢাকায় নতুন কোচের অধীনে রুদ্ধদ্বার অনুশীলন সেরেছে যুবারা। ফিটনেস, টেকনিক, ট্যাকটিকস সবকিছুতেই কোচের চাহিদা মতো কাজ করেছে ছেলেরা। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক দৃঢ়তাও বাড়ানোর চেষ্টা করেছে ম্যানেজমেন্ট। অধিনায়কের কণ্ঠে ঝড়লো আত্মবিশ্বাসের বাণী।
বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের অধিনায়ক মিথুন চৌধুরী বলেন, ‘আমাদের এবার একটাই লক্ষ্য, আমরা কীভাবে শিরোপাটা দেশে আনবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কোচ আমাদেরকে যেভাবে বলছে আমরা সেভাবে চেষ্টা করেছি।’
আরও পড়ুন:
আসন্ন সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলকে নিয়ে আশাবাদী আইরিশ কোচ মার্ক কক্স। দলের সামর্থ্যের ওপর পুরোমাত্রায় বিশ্বাস আছে তার। সেই সঙ্গে প্রবাসী দুই ফুটবলার রোনান সুলিভান এবং ডেক্লান সুলিভানকে নিয়ে প্রশংসা ঝরলো মার্ক কক্সের কণ্ঠে।
তবে প্রস্তুতির মাঝেই কোচ পরিবর্তন নিয়ে কিছু আলোচনা তৈরি হয়েছে। নতুন কোচের উয়েফা লাইসেন্স নিয়েও আছে প্রশ্ন।
বাফুফের সহ-সভাপতি নাসির শাহরিয়ার জাহেদি বলেন, ‘এটা নিয়ে কোনো দুশ্চিন্তা নাই। কারণ উনি লিখেছেন উনি কি কি কোচিং এ উনি অংশ নিয়েছেন। এর ভিতরে প্রো-লাইন্সে সে উনি অংশ নিয়েছেন। উনি এটাও লিখেছেন উয়েফার এগ্রেড লাইসেন্স নেয়া কোচ এবং প্রোফেশনাল কোচিং এর পার্ট ওয়ান শেষ করেছেন।’
সবমিলিয়ে, সাফ মিশনে বাংলাদেশ দল আত্মবিশ্বাসী। দৃঢ় মানসিকতা থাকলে এবার স্বপ্ন পূরণ সম্ভব চ্যাম্পিয়ন ট্রফি তুলে ধরার।





