দিনের শেষ বলে হাফ ছেড়ে বাঁচলেন মেহেদী হাসান মিরাজ। তার সহজ ক্যাচ ফেলে দেয় অজি ফিল্ডার ওয়েবস্টার। যার মধ্য দিয়ে, চালকের আসনে থেকেই দ্বিতীয় দিন শেষ করলো বাংলাদেশ।
আজ (শুক্রবার, ১৪ আগস্ট) দিনের শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের ওপর চড়াও হন টাইগার ব্যাটাররা। হাফ সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে থেকে অভিজ্ঞ মমিনুল সাজঘরে ফিরলেও দমে যায়নি বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে ৯১ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ার পথে ইতিহাসের সাক্ষী হন তানজিদ তামিম।
অজিদের বিপক্ষে লিড তোলার পাশাপাশি, প্রথম বাংলাদেশি হিসেবে অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সেঞ্চুরি তুলে নেন টাইগার ওপেনার। তবে সেঞ্চুরির পর তানজিদও ফিরে গেলে মিস্টার ডিপেন্ডেবল মুশফিককে নিয়ে লিড বাড়াতে থাকেন অধিনায়ক শান্ত। তবে টেস্ট ক্যারিয়ারের ৭ম ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি তিনি।
উড়তে থাকা বাংলাদেশকে হঠাৎই চেপে ধরে অস্ট্রেলিয়া। নতুন বলে মাত্র ১১ রানে তিন উইকেট তুলে নিয়ে টাইগারদের মিডল অর্ডার ধসিয়ে দেন অস্ট্রেলিয়ার ৩ পেসার। শান্তকে ফেরান হ্যাজেলউড, আর ইনজুরি থেকে ফেরা লিটন দাসকে স্লিপে ক্যাচ তুলিয়ে শূন্য রানেই সাজঘরে ফেরান স্টার্ক। আর অভিজ্ঞ মুশফিককে বোকা বানান অজি অধিনায়ক প্যাট কামিন্স।
অন্তত ২০০ রানের লিডের স্বপ্ন দেখা বাংলাদেশের রানের চাকা থমকে যায় সেখানেই। তবে ধীরে গতিতে উইকেটে টিকে থেকে দলকে সঠিক পথেই রাখার প্রচেষ্টায় লড়াই চালিয়েছেন প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরির দেখা পাওয়া মেহেদী হাসান মিরাজ। আর বোলিংয়ে তাণ্ডব তোলার পর ব্যাট হাতেও অজিদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন হাসান মাহমুদ। তাদের কার্যকারী পার্টনারশিপে দলের লিড ছাড়ায় ১৫০ রানের গণ্ডি।
টেস্টের প্রথম চার সেশনই নিজেদের দখলে রাখার পর, পঞ্চম সেশনে খাবি খেয়েছে টাইগাররা। শেষ সেশনে সমানে সমান লড়াইয়ের পর তৃতীয় দিনের রোমাঞ্চ নিয়েই শেষ হয় দিনের খেলা।





