ঘরের মাঠে বাঘ আর পরের মাঠে বিড়াল, বাংলাদেশকে নিয়ে এমন ব্যঙ্গাত্মক মন্তব্য শোনা যায় হরহামেশাই। দেশের মাটিতে নিয়মিত জয় পেলেও, বিদেশে গেলেই খেই হারিয়ে ফেলেন টাইগাররা।
অ্যাওয়ে সিরিজে বাংলাদেশের করুণ দশা কাটাতে ভালো উইকেটে নিয়মিত ক্রিকেট খেলার কথা বলে আসছেন ক্রিকেটবোদ্ধারা। এবার তাই প্রথমবারের মত শুরু হলো কিউরেটরদের প্রশিক্ষণ কর্মশালা। যেটি কিউরেটরদের দক্ষতা ও পিচ এবং আউটফিল্ড সম্পর্কে জ্ঞান বাড়াতে সহায়তা করবে।
আরও পড়ুন:
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে আয়োজিত কর্মশালায় চট্টগ্রাম, কক্সবাজার, পূর্বাচল, বিকেএসপি এবং ফতুল্লা ভেন্যুর ৩৩ জন মাঠকর্মী অংশ নেন। কর্মশালায় মাঠকর্মীদের মাটির সঠিক ব্যবহার, আদ্রতা নিয়ন্ত্রণ, প্রথাগত ও আধুনিক ঘাস রোপণ প্রযুক্তি, ড্রেনেজ ব্যবস্থা এবং কন্ডিশন অনুযায়ী স্পোর্টিং কিংবা ব্যাটার ও বোলারবান্ধব উইকেট তৈরির ব্যবহারিক ও তাত্ত্বিক জ্ঞান দেয়া হবে।
চট্টগ্রাম বীরশ্রেষ্ঠ শহিদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল বলেন, ‘ওদের এ কাজটা জরুরি এটা বলে বোঝানো যাবে না। প্লেয়াররা আসার আগে এবং আম্পায়াররা মাঠে আসার আগে, দর্শকরা আসার আগে ওরা এই পাঁচ-ছয় দিনে কষ্ট করে এ জিনিসটা করে। এর পেছনে শুধু শারীরিক পরিশ্রম না, এখানে অভিজ্ঞতা আছে, বিজ্ঞানসম্মত জ্ঞান আছে, দক্ষতা আছে।’
আজ শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামীকালও।




