২৩ বছর পর বাংলাদেশকে নিজেদের মাটিতে টেস্ট খেলতে আমন্ত্রণ জানিয়েছে অস্ট্রেলিয়া। পূর্ণ-শক্তির দলও হাজির হয়েছে টাইগারদের সামাল দিতে। ইনজুরি জর্জর নাজমুল হোসেন শান্তর দলের বিপক্ষে স্বাভাবিকভাবেই এগিয়ে থেকে মাঠে নামবে টিম অস্ট্রেলিয়া। তবে, মাঠের খেলা শুরুর আগেই যেন বাংলাদেশকে পাত্তা দিতে রাজি নয় অজিরা। কোচ-খেলোয়াড়দের আলোচনাতেই নেই শান্ত-মুমিনুলরা।
বাংলাদেশের বিপক্ষে এই টেস্ট দিয়েই নিজেদের ২০২৬-২৭ মৌসুম শুরু করবে অস্ট্রেলিয়া। সামনে তাদের আছে ভারতের বিপক্ষে মর্যাদার বোর্ডার-গাভাস্কার সিরিজ। সঙ্গে ২০১৮ সালের স্যান্ডপেপার কেলেঙ্কারির পর প্রথমবার দক্ষিণ আফ্রিকায় যাবে দলটি। আছে ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার অ্যাশেজ সিরিজ। দলের পেসার জশ হ্যাজেলউড সাম্প্রতিক এক সাক্ষাতকারে ভারত-ইংল্যান্ড সিরিজকেই বেশি গুরুত্ব দিয়েছেন। বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তার কাছে কেবলই নিজের ফিটনেস যাচাইয়ের মঞ্চ।
কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডেরও চোখ বাংলাদেশ সিরিজ ছাপিয়ে ভবিষ্যতের দিকে। ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের কথা বিবেচনায় রেখে নিজের সেরা একাদশ বাছাইয়ের জন্য বাংলাদেশ সিরিজকেই ল্যাবরেটরি বানিয়েছেন তিনি। অজি গণমাধ্যমে বাংলাদেশ সিরিজের আগে তার সব কথাই ঘুরপাক খেয়েছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ নিয়ে।
টেস্ট স্ট্যাটাস পাওয়ার ২৬ বছর পর মাত্র দ্বিতীয়বার বাংলাদেশ যাচ্ছে অজিদের মাটিতে। সেখানেও আপাতত প্রতিপক্ষের চোখে সম্মান আনতে পারছে না তারা। মাঠের খেলায় বাংলাদেশ তার উপযুক্ত জবাব দেবে, আপাতত সেই আশাই করতে পারেন টাইগার ক্রিকেটের ভক্তরা।





