মাঠের লড়াই ছাড়িয়ে ব্যবসায়িক দুনিয়াতেও একচ্ছত্র আধিপত্য বিস্তার আইপিএলের

আইপিএল প্লে-অফ সূচি ২০২৬
আইপিএল প্লে-অফ সূচি ২০২৬ | ছবি : সংগৃহীত
0

ক্রিকেটের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ এখন শুধু মাঠের লড়াইয়ে নয়, ব্যবসার দুনিয়াতেও একচ্ছত্র আধিপত্য বিস্তার করছে। সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, বিনিয়োগ আর ফ্র্যাঞ্চাইজির মূল্য সবকিছু মিলিয়ে নতুন উচ্চতায় পৌঁছেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)।

২০২৬ সালে আইপিএলের মোট ব্যবসায়িক মূল্য বেড়ে দাঁড়িয়েছে ২০ দশমিক ৬ বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ২ লাখ ৫১ হাজার কোটি টাকারও বেশি। এক বছরের ব্যবধানে টুর্নামেন্টটির মূল্য বেড়েছে ১১ দশমিক ৪ শতাংশ।

মার্কিন বিনিয়োগ ব্যাংক হুলিহান লোকির প্রকাশিত ২০২৬ সালের আইপিএল ব্র্যান্ড ভ্যালুয়েশন স্টাডি বলছে, বিশ্বের সবচেয়ে ধনী টি-টোয়েন্টি লিগ হিসেবে আইপিএল নতুন এক মাইলফলক স্পর্শ করেছে। ২০০৮ সালে যাত্রা শুরু করা এই টুর্নামেন্ট এখন শুধু ক্রিকেটের আসর নয়, বরং সম্প্রচারস্বত্ব, স্পনসরশিপ, মার্চেন্ডাইজিং এবং বিনিয়োগের বিশাল এক বাণিজ্যিক প্ল্যাটফর্মে পরিণত হয়েছে।

চলতি বছর দুই ঐতিহ্যবাহী দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের মালিকানা পরিবর্তন আন্তর্জাতিক বিনিয়োগকারীদের বাড়তে থাকা আগ্রহের বড় প্রমাণ।

মার্চ মাসে ব্ল্যাকস্টোন, বোল্ট ভেঞ্চার্স, আদিত্য বিড়লা গ্রুপ এবং টাইমস অব ইন্ডিয়া গ্রুপের সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়াম ১ দশমিক ৭৮ বিলিয়ন মার্কিন ডলারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অধিগ্রহণ করে। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল ফ্র্যাঞ্চাইজি লেনদেন। এরপর মে মাসে মিত্তাল পরিবার ও আদর পুনাওয়ালা ১ দশমিক ৬৫ বিলিয়ন ডলারে কিনে নেন রাজস্থান রয়্যালস।

টানা দ্বিতীয় বছরের মতো দুই অঙ্কের প্রবৃদ্ধি দেখা গেছে আইপিএলের ব্যবসায়িক মূল্যে। শুধু আইপিএল ব্র্যান্ডের মূল্যই বেড়ে হয়েছে ৪ দশমিক ৩ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের তুলনায় ১০ দশমিক ৩ শতাংশ বেশি।

ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে টানা দ্বিতীয়বার সবচেয়ে মূল্যবান দলের স্বীকৃতি পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। দলটির ব্র্যান্ড মূল্য ৩১২ মিলিয়ন মার্কিন ডলার। এরপর রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স এবং চেন্নাই সুপার কিংস।

ইএ