লাল বলে নিজেকেই যেন ছাড়িয়ে যাওয়ার মিশনে নাজমুল হোসেন শান্ত। অধিনায়কত্বের চাপ সামাল দিয়েও রান করছেন নিয়মিত। শেষ ৫ ম্যাচে ৩ সেঞ্চুরি যেন তারই প্রমাণ। মিরপুরে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনেও দেখালেন ধারাবাহিকতা। দুই ওপেনারের বিদায়ে বাংলাদেশ যখন কিছুটা ব্যাকফুটে, তখন পালটা আক্রমণে পাকিস্তানকে নাস্তানাবুদ করেছে শান্তর উইলো। আদায় করে নিয়েছেন ক্যারিয়ারের নবম সেঞ্চুরি।
শুরু থেকেই বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেছেন। ১৩০ বলে ১০১ রানের ইনিংসটা আদর্শ ব্যাটিং হিসেবে ধরে নেয়া যেতেই পারে। দিনশেষে এমন এক ইনিংসের প্রতি মুগ্ধতা প্রকাশ করলেন সতীর্থ মুমিনুল হকও।
আরও পড়ুন:
অবশ্য সেঞ্চুরির পর ইনিংস বড় না করতে পারলেও রেকর্ডটা ঠিকই নিজের করে নিয়েছেন শান্ত। টেস্ট ফরম্যাটে অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ৫ সেঞ্চুরির মালিক এখন শান্ত। পেছনে ফেলেছেন মুশফিকুর রহিমের চার সেঞ্চুরির কীর্তি। আর তিনে আছেন মুমিনুল হক।
তবে শান্তর বড় কীর্তি ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের বেলায়। ক্যারিয়ারে ৫ ফিফটির বিপরীতে ৯ সেঞ্চুরি বাংলাদেশ অধিনায়কের। শতকে পরিণত করার হার ৬৪ দশমিক ৩০ শতাংশ। শান্তর ওপরে আছেন কেবল দুই গ্রেট স্যার ডন ব্র্যাডম্যান এবং জর্জ হ্যাডলি।
শান্তর ক্যারিয়ারে পরের সেঞ্চুরি তাকে নিতে পারে অন্য উচ্চতায়। কনভার্সন রেটে জর্জ হ্যাডলির পাশে বসবেন তিনি। আর দেশের ইতিহাসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরিয়ান হওয়ার সুযোগও থাকছে তার।





