বিসিবির দায়িত্ব নিয়ে রাতারাতি-ই যেন ক্রিকেটারদের মুখে হাসির জোয়ার বইয়ে দিচ্ছেন তামিম ইকবাল। ঘরোয়া ক্রিকেটে নারী খেলোয়াড়দের বেতন বৈষম্য নিরসনে নিয়েছেন কার্যকারী পদক্ষেপ। পুরুষ ক্রিকেটেও ছড়িয়েছেন আশার আলো।
এখন থেকে ঘরোয়া ক্রিকেটে টি-টোয়েন্টি ম্যাচের জন্য ১০ হাজার, ওয়ানডে ম্যাচের জন্য ১৫ আর চার দিনের ম্যাচের জন্য ২০ হাজার টাকা করে পাবেন নারী ক্রিকেটাররা। বাড়ানো হয়েছে কেন্দ্রীয় চুক্তিতে নারী ক্রিকেটারের সংখ্যাও। ফি বাড়ানো হয়েছে পুরুষদের ক্রিকেটেও।
তামিম ইকবাল বলেন, ‘এতদিন পুরুষ ক্রিকেটারদের “এ” ক্যাটাগরির স্যালারি ছিল ৩৫ হাজার টাকা, “বি” ক্যাটাগরির ৩০ হাজার আর “সি” ২৫ হাজার। আমার আজকে যেটা অ্যাপ্রুভ করেছি, “এ” ক্যাটাগরির খেলোয়াড়রা এখন থেকে ৬৫ হাজার, “বি” ক্যাটাগরির ৫০ হাজার এবং “সি” ক্যাটাগরির যারা, তারা ৪০ হাজার টাকা করে পাবেন।’
বুধবার অ্যাড-হক কমিটির দ্বিতীয় বৈঠকেই স্টান্ডিং কমিটি বুঝিয়ে দেয়া হয়েছে সবাইকে। যেখানে ক্রিকেট অপারেশনসে আপাতত দায়িত্ব দেয়া হচ্ছে না কাউকে।
আরও পড়ুন:
অ্যাড-হক কমিটির সভাপতি তামিম বলেন, ‘আমি ওয়ার্কিং কমিটি এবং ফ্যাসিলিটিজ বিভাগ হ্যান্ডেল করবো। ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট এবং বিপিএলের বিষয়; রফিকুল ইসলাম গ্রাউন্ডস; তানজিল চৌধুরী এইজ গ্রুপ; সালমান মার্কেটিং অ্যান্ড ডিসিপ্লিন; রাশনা ইমাম উইমেন্স উইং মেডিকেল অ্যান্ড কমপ্লেইন কমিটি; ইসরাফিল খসরু ফাইনান্স অ্যান্ড ওয়েলফেয়ার; সাইদ ইব্রাহিম আহমেদ সিকিউরিটি অ্যান্ড টেন্ডার পার্চেজ; নান্নু টুর্নামেন্ট কমিটি; মির্জা ইয়াসির লজিস্টিক্স এবং আতাহার আলী খান আম্পায়ার কমিটি দেখবেন।’
এছাড়া ক্রিকেটারদের মাঠে ফেরাতে প্রিমিয়ার লিগ দ্রুতই চালু করতে চান বিসিবির নতুন সভাপতি। তিনি জানান, শিগগিরই কথা বলবেন সব ক্লাবের সঙ্গে।
তামিম বলেন, ‘আমরা যাতে দ্রুত মাঠের খেলা শুরু করে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য। মাঠ নিয়ে একটা শঙ্কা আছে, তবে যদি আমাদের দরকার পড়ে, ভাড়া নিতে হলেও নেবো। কারণ এখন অনেক প্রাইভেট একাডেমি স্কুল আছে যারা “লিস্ট এ”-এর ম্যাচগুলো আয়োজন করার জন্য যথেষ্ট ভালো।’
আসন্ন নিউজল্যান্ড সিরিজে সরকারকে সহায়তায় বিদ্যুৎ সাশ্রয় করতে ওয়ানডে ম্যাচ সকাল ১১টা বা সাড়ে ১১টায় ও টি-টোয়েন্টি ম্যাচ দুপুর ২টা বা আড়াইটায় চালু করার সিদ্ধান্ত নেয়া হচ্ছে বলেও জানান তামিম।





