সবশেষ নির্বাচনের পর থেকেই নানা কারণে আলোচনা-সমালোচনায় বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ। বিভিন্ন ক্লাবের বিরোধীতা, পরিচালকদের আপত্তিকর মন্তব্য ও পদত্যাগে অস্থির দেশের ক্রিকেট বোর্ড।
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিলেন জাতীয় দলের সাবেক ক্রিকেটাররা। ম্যাচ শেষে বোর্ডের নানা ইস্যুতে সাংবাদিকদের মুখোমুখি বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ। নানা চ্যালেঞ্জ থাকলেও বর্তমান বোর্ড ক্রিকেটকে মাঠে রাখতে পারাকে সাফল্য হিসেবে দেখছেন তিনি।
বিসিবি সহ-সভাপতি বলেন, ‘রুটিন কাজ কিছুই বন্ধ নেই কিন্তু। বিসিএল চলছে, এনসিএল চলছে ডমেস্টিক লিগটা আমরা যেভাবে করতে চেয়েছিলাম, সেভাবে হয়তো হয়নি। কারণ ক্লাবগুলো খেলতে চায়নি। আমি আবারও বলছি, এগুলোতে কী লাভ হবে, আমি জানি না। খেলাটা মাঠে থাকা জরুরি ছিল।’
বিসিবি পরিচালক নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও সম্প্রতি এক পরিচালকের পদত্যাগ প্রসঙ্গেও বোর্ডের দৃষ্টিভঙ্গি জানান ফারুক আহমেদ।
তিনি বলেন, ‘ব্যক্তিগত পর্যায়ে আপনি যখন কোনো পজিশনে থাকবেন, তখন আপনার মন্তব্যটা একটু চিন্তা-ভাবনা করে করা দরকার আমার মনে হয়।’
আরও পড়ুন:
তিনি আরও বলেন, ‘রেজিগনেশন লেটার দেখেছি, সেখানে একান্তই ব্যক্তিগত কারণ দেখিয়েছে। কেউ না থাকলে বোর্ড যে চলবে না, তেমন নয়। আমার মনে হয় বোর্ড বোর্ডের মতো চলবে।’
সাকিবের জাতীয় দলে ফেরা ইস্যুতে পুরনো কথাই মনে করিয়ে দিয়েছেন ফারুক আহমেদ। অন্যদিকে, আইনগত সমস্যা না থাকলে মাশরাফিরও বোর্ডে আসতে বাধা দেখছেন না তিনি।
ফারুক আহমেদ বলেন, ‘সাকিবের ভুল-ত্রুটি থাকতে পারে, কিন্তু আমি ক্রিকেটীয় দিক চিন্তা করে মনে করেছিলাম যে, তাকে যদি আমরা দেশ থেকে বিদায় দিতে পারি, তাহলে এর চেয়ে ভালো কিছু হবে না। কেননা এর মাধ্যমে আমরা একটা সুন্দর দৃষ্টান্ত রাখতে পারবো।’
তিনি মাশরাফির প্রসঙ্গে বলেন, ‘মাশরাফির বাংলাদেশের জন্য অনেক অবদান ছিল। তার যদি অন্য কোনো সমস্যা না থাকে, সে যদি বোর্ডে আসতে পারে, তাহলে আসবে।’
এছাড়া ক্রিকেটের উন্নয়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বানও জানিয়েছেন বিসিবির সহ-সভাপতি।




