মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত প্রীতি ম্যাচে সাবেক ক্রিকেটারদের মিলনমেলায় আজ সব আলো কেড়ে নিলেন বাঁহাতি কিংবদন্তি মোহাম্মদ রফিক। বল হাতে দৌড়ালেন কিংবা ব্যাট হাতে চার-ছক্কার ফুলঝুরি ছোটালেন, তখন বোঝার উপায় ছিল না যে তার বয়স ৫৫ বছর।
মোহাম্মদ রফিকের নৈপুণ্যে বিসিবি সবুজ দলকে ১২৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে বিসিবি লাল দল। মাত্র ২৪ বলে ৫০ রান করে ড্রেসিংরুমে ফেরার আগে ৪টি চার ও ৪টি ছক্কা হাঁকান তিনি।
আবার, বোলিংয়ে এসে প্রথম বলেই উইকেট নিয়ে নিজের ট্রেডমার্ক উদযাপনে মেতে ওঠেন রফিক। ৩.২ ওভার বল করে মাত্র ১৮ রান দিয়ে শিকার করেন ৪টি উইকেট।
আরও পড়ুন:
২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রতিবছরই সাবেক ক্রিকেটারদের নিয়ে প্রীতি ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করে বিসিবি। সেই ধারাবাহিকতায় এবারও লাল ও সবুজ নামে দুই দলে ভাগ হয়ে খেলেছেন সাবেক ক্রিকেটাররা।
সবুজ দলে ছিলেন শাহরিয়ার নাফিস, জাভেদ ওমর, হান্নান সরকার, তুষার ইমরান, বিদ্যুৎ, আব্দুর রাজ্জাক, তালহা জোবায়েরদের মতো তারকারা। অন্যদিকে লাল দলের হয়ে মাঠ নেমেছিলেন মোহাম্মদ আশরাফুল, অপি, মোহাম্মদ রফিক, খালেদ মাসুদ পাইলট, ইলিয়াস সানিরা।
এবারের প্রীতি ম্যাচে ছিলেন না হাবিবুল বাশার, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানদের মতো তারকারা। তবুও বেশ জমজমাট এক লড়াইয় উপভোগ করেছেন ভক্তরা।





