Recent event

বিশ্বকাপ সেমিফাইনালের টিকিট বিক্রি শুরু হলেও নির্ধারিত হয়নি ভেন্যু

টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি; আইসিসির লোগো
টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি; আইসিসির লোগো | ছবি: এখন টিভি
0

বিশ্বকাপের সেমিফাইনাল ভেন্যু নিয়ে নাটকীয়তা এখন চরমে। হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে আইসিসি এখনই টিকিট বিক্রি শুরু করে দিলেও নির্ধারিত হয়নি ঠিক কোন ভেন্যুতে খেলা হবে। আরও একবার আইসিসির সিদ্ধান্ত নির্ভর করছে কেবলমাত্র টাকার অঙ্কে।

বিশ্বকাপের মাঝপথেই আবারও প্রশ্ন উঠেছে আইসিসির নীতি নিয়ে। বিশ্বকাপের আগে ভারত সফর নিয়ে বাংলাদেশের আপত্তি শিডিউল ও ভেন্যু জটিলতার দোহাই দিয়েই এড়িয়ে গিয়েছিল সংস্থাটি। কিন্তু মাস পার না হতেই নিজেদের আর্থিক লাভ দেখতে, ভেন্যু জটিলতাকে আমলেই নিচ্ছে না আইসিসি।

শুধু তাইই না, নিজেদের ব্যবসায়ীক স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে ভক্তদের সঙ্গেও ধোঁয়াশা তৈরি করেছে আইসিসি। সেমিফাইনালের টিকিট বিক্রি শুরু করলেও ঠিক কোন ভেন্যুতে ম্যাচ হবে তাই নিশ্চিত না আইসিসি। বিশ্বকাপের মতো আসরে নৈতিকতা বাদ দিয়ে আইসিসি প্রাধান্য দিচ্ছে নিজেদের ব্যবসায়ীক স্বার্থকে।

আরও পড়ুন:

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালকে নিয়েই আছে মারপ্যাঁচ। পাকিস্তান সেমিতে উঠলে এই ম্যাচটি হবে কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে। তবে পাকিস্তানের বদলে শ্রীলংকা সেমিতে উঠলেও ম্যাচ থাকবে কলম্বোতেই। তবে এখানেই থামছে না জটিলতা। শ্রীলঙ্কা যদি এই ম্যাচে ভারতের বিপক্ষে খেলে থাকে তবে ম্যাচ হবে কলকাতার ইডেন গার্ডেন্সে। আর শ্রীলঙ্কা বা পাকিস্তান না থাকলে এ ম্যাচ হবে কলকাতায়।

মূলত শ্রীলঙ্কার ম্যাচে স্বাগতিক দর্শকদের সুবাদে টিকিট বিক্রি বাড়াতেই আসরের মাঝপথে সেমিফাইনাল নিয়ে সিদ্ধান্ত বদলেছে আইসিসি। যদিও ভারতের সঙ্গে ম্যাচ হলেই সেই ম্যাচ চলে যাবে কলকাতায়। আইসিসির ভারতপ্রীতির বড় এক উদাহরণও হয়ে আছে এ সিদ্ধান্ত। স্বাভাবিকভাবেই তাই সাংগঠনিকভাবে আইসিসির সক্ষমতাও এখন প্রশ্নের মুখে।

এফএস