মিরপুরে অনুশীলনে মাহমুদউল্লাহ, ফিট হওয়ার চেষ্টায় এবাদত

0

বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে কাঁধে চোট পেয়েছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। চোট সারতে সময় লাগায় নিউজিল্যান্ড সিরিজটা মিস করতে হয়েছে তাকে। দেড় মাসের বেশি সময় বিশ্রামে থাকার পর গতকাল থেকে অনুশীলন শুরু করেছেন অভিজ্ঞ এই ক্যাম্পেইনার।

এরই ধারাবাহিকতায় শনিবার (৩০ ডিসেম্বর) হোম অব ক্রিকেটের একাডেমি মাঠে তাকে ব্যাটিং অনুশীলন করতে দেখা গেছে।

নেটে বেশিরভাগ সময়জুড়ে লেগ স্পিনে ব্যাটিং করেছেন রিয়াদ। আসন্ন বিপিএলে প্রতিটি দলের একাদশে একজন লেগ স্পিনার রাখার বাধ্যবাধকতা দেয়ার কথা জানিয়েছিলো বিসিবি। অর্থাৎ প্রতি ম্যাচেই ব্যাটারদের লেগ স্পিন মোকাবিলা করতে হবে। তাই হয়তো রিয়াদও লেগ স্পিনেই গুরুত্ব দিয়ে ব্যাটিং করছেন।

নেটে বেশ কয়েকবার ডাউন দ্য উইকেটে গিয়ে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারকে বড় শট খেলতে দেখা যায়।

বিপিএলের প্রস্তুতি নিতেই এমন টি-টোয়েন্টি মেজাজে ব্যাট করছেন সাইলেন্ট কিলার খ্যাত রিয়াদ । কারণ ফ্র্যাঞ্চাইজি লিগটি শুরু হতে আর এক মাসও বাকি নেই। সবকিছু ঠিক থাকলে বিপিএল দিয়েই মাঠের ক্রিকেটে ফিরতে যাচ্ছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

এদিকে মাউন্ট মঙ্গানুইয়ে প্রথমবার নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর নায়ক এবাদত হোসেন। জাতীয় ক্রিকেট দল এ মূহুর্তে সেই শহরে অবস্থান করছে। ভাগ্য সহায় হলে হয়তো এই পেসারও দলের সঙ্গে থাকতে পারতেন। কিন্তু হাঁটুর ইনজুরির জন্য সিলেটের এই ক্রিকেটারের এশিয়া কাপ আর বিশ্বকাপের মতো বড় আসরে খেলা হয়নি।

লন্ডন থেকে অস্ত্রোপচার শেষে দেশে ফিরে পুরোদমে অনুশীলন শুরু করতে পারেননি এবাদত। তবে চেষ্টায় আছেন। আজ নেটে ফুল রানআপে বোলিং না করলেও জায়গায় দাঁড়িয়ে বেশ কয়েকবার বল ছুড়েছেন। তবে এবাদত ভক্তদের জন্য হতাশার খবর হলো, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাকে দেখা যাবে না। আগামী বছরের আগস্টের মধ্যে তার পুরোপুরি ফিট হওয়ার কথা রয়েছে।