অস্ট্রেলিয়ায় বাংলাদেশ দলের একটি বহর পা রেখেছে গতকাল (শনিবার, ২ আগস্ট)। একদিনের বিশ্রাম শেষে ডারউইনে অনুশীলনে ঘাম ঝরিয়েছেন টাইগার ক্রিকেটাররা।
২০০৩ সালের পর আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ হয়নি বাংলাদেশের। দীর্ঘ ২৩ বছর পর সেই অধরা রোমাঞ্চ ফিরছে টাইগার ডেরায়। অনুশীলনে তাই দলকে দেখা গেল বেশ মনোযোগী।
২১ বছরের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবার অস্ট্রেলিয়ায় টেস্ট খেলার সুযোগ পাচ্ছেন মুশফিকুর রহিম। হয়তো শেষবারও। এই সিরিজটা নিশ্চিতভাবেই তার জন্য বিশেষ কিছু।
বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে সবার আগে তাসমান পাড়ে পাড়ি জমিয়েছিলেন পেসার তাসকিন আহমেদ। অনুশীলনে বেশ চনমনে দেখা গেল তাকেও।
আরও পড়ুন
ভ্রমণের ক্লান্তি ভুলে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়াটাই ছিলো প্রথম দিনের মূল লক্ষ্য। অনুশীলনের ফাঁকে নিজেদের প্রস্তুতি নিয়ে কথা বলেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ থেকে যাত্রাটা ভালো ছিলো। কারণ, আসার সময় আমরা একটা ট্রানজিট পেয়েছি। ওখানে যথেষ্ট বিশ্রাম পাওয়া গেছে। প্রথম দিনের অনুশীলনটা ভালো হয়েছে। উইকেট, ফিল্ডিং অনুশীলন থেকে শুরু করে রানিং-সব ধরনের অ্যাকটিভিটি আমরা করতে পেরেছি। সব মিলিয়ে ভালো প্রস্তুতি হয়েছে।’
ডারউইনে ৫ আগস্ট পর্যন্ত টানা অনুশীলন করবে বাংলাদেশ, যেখানে যোগ দেবেন লিটন-সৌম্যরাও। এরপর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিন দিনের একটি প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হবেন শান্ত-তাইজুলরা। ১৩ আগস্ট ডারউইনেই শুরু হবে বহুল প্রতীক্ষিত সিরিজের প্রথম টেস্ট।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে মাত্র ১টিতে জিতেছে বাংলাদেশ। ২০১৭ সালে মিরপুরের জয় ছাড়া হেরেছে বাকি পাঁচটিতেই। তিনটি আবার ইনিংস ব্যবধানে। তবে দীর্ঘ দুই দশকের অপেক্ষার পর অস্ট্রেলিয়ার অচেনা বাউন্সি উইকেটে নিজেদের সেরাটা মেলে ধরতে মুখিয়ে আছে লাল-সবুজের প্রতিনিধিরা।





