দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলার সুযোগ। কঠিন পরীক্ষার আগে সর্বোচ্চ প্রস্তুতি নিতে কোনো ঘাটতি রাখতে চান না ক্রিকেটাররা। আর তাই যেন দল ঘোষণার পরদিনই পুরোদমে অনুশীলনে ক্রিকেটাররা।
মঙ্গলবার সকাল থেকেই হেড কোচ ফিল সিমন্সের অধীনে অনুশীলন শুরু করেন ক্রিকেটাররা। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই নিজেদের ঝালিয়ে নেন মুমিনুল-খালেদরা।
মিরপুরের সেন্টার উইকেটে এদিন দীর্ঘসময় ব্যাটিং অনুশীলন করেছেন সৌম্য সরকার। দীর্ঘ ৫ বছর পর টেস্ট দলে ডাক পেয়ে দলে জায়গা পাকাপোক্ত করতে চান তিনি।
অভিজ্ঞ মুমিনুলের সঙ্গে নবাগত অমিতকেও দেখা গেল বেশ মনোযোগী। অজিদের কঠিন বোলিং আক্রমণ সামাল দিতে দায়িত্ব নিতে হবে তাদেরকেও।
আরও পড়ুন:
নেটে বল হাতে ঘাম ঝরিয়েছেন কাউন্টি খেলে আসা হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও প্রথমবার ডাক পাওয়া মুশফিক হাসান। স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশেইন কিংবা ট্রাভিস হেডদেরকে শুরুতেই থামিয়ে দেয়ার কাজটা করতে হবে তাদেরকেই।
এছাড়া ক্যাচিং অনুশীলনেও সিরিয়াস ছিলেন দলের সবাই। মাইটি অস্ট্রেলিয়ার বিপক্ষে সাফল্য পেতে সব বিভাগেই যে দাপট দেখাতে হবে!
প্রথম টেস্টের দলে না থাকলেও দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন লিটন দাস ও শরিফুল ইসলাম। পুনর্বাসনের অংশ হিসেবে এদিন দীর্ঘসময় হাঁটাহাঁটি করেছেন লিটন। সতীর্থদের ব্যাটিং অনুশীলন দেখার পাশাপাশি কোচ সালাউদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলতে দেখা যায় তাকে। মাঠে ছিলেন শরিফুল ইসলামও।
এছাড়া স্বস্তির খবর আছে মুস্তাফিজুর রহমানকে নিয়েও। কাফ ইঞ্জুরির কারণে খেলার বাইরে থাকা এ পেসার আজ আলাদাভাবে বোলিং অনুশীলন শুরু করেছেন। সবকিছু ঠিক থাকলে শিগগিরই জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাকে।




