Recent event

রাজশাহীতে ভোটকেন্দ্রে দীর্ঘ হচ্ছে ভোটারদের সারি

ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের অবস্থান
ভোটকেন্দ্রের বাইরে ভোটারদের অবস্থান | ছবি: এখন টিভি
0

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সকাল থেকেই রাজশাহীর বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের ভিড় দেখা গেছে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে দীর্ঘ হতে থাকে ভোটারদের সারি।

আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রাজশাহী-২ আসনে (রাজপাড়া ও বোয়ালিয়া) ১১৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। বিভাগীয় নারী ক্রীড়া কমপ্লেক্স, সায়রা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়সহ প্রায় সব কেন্দ্রেই ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কেন্দ্রগুলোতে নারী-পুরুষ নির্বিশেষে ভোটারদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দেয়ার অপেক্ষা করতে দেখা যায়। পুরুষ ভোটারদের পাশাপাশি মহিলা ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

ভোটাররা জানান, দীর্ঘদিন পর উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারা তাদের জন্য আনন্দের। তাই সকাল সকাল ভোটকেন্দ্রে এসে পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার পাশাপাশি গণভোটেও অংশ নিচ্ছেন তারা।

রাজশাহীতে মোট ৬টি সংসদীয় আসনে ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোটার সংখ্যা ১৯ লাখ ৪৭ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৯ লাখ ৬৮ হাজার ৮১৭ জন এবং মহিলা ভোটার ৯ লাখ ৭৮ হাজার ৭৬০ জন।

এনএইচ