দক্ষ মানবসম্পদ গড়তে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির বৈঠক
প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির বৈঠক | ছবি: সংগৃহীত
0

জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার ভিত্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে অভিন্ন সিলেবাসে প্রশিক্ষণ ও সনদ দেয়ার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য তিনি বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে বলেছেন।

আজ (শনিবার, ১৯ সেপ্টেম্বর) সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের গভর্নিং বডির তৃতীয় সভায় এ নির্দেশ দেন তিনি। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক এ তথ্য জানান।

বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কার্যক্রমকে অভিন্ন কাঠামোয় এনে আন্তর্জাতিক মানসম্পন্ন সিলেবাস ও সনদ প্রদানের ওপর গুরুত্বারোপ করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সমন্বয়ের অভাবে বিদ্যমান অনেক প্রশিক্ষণ ও সনদ কাঙ্ক্ষিত স্বীকৃতি পাচ্ছে না।’ এ সমস্যা সমাধানে অল্প সময়ের মধ্যে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের নির্দেশ দেন তিনি।

সভায় খাতভিত্তিক দক্ষতার চাহিদা বিশ্লেষণ, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

জেআর