জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনব্যাপী কর্মসূচির তৃতীয় দিনে আজ (বুধবার, ৮ জুলাই) টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় আয়োজিত পদযাত্রা ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সংসদে এমপি-মন্ত্রীদের বক্তব্যের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘সংসদে এমপি-মন্ত্রীদের বক্তব্য শুনে মনে হয় দেশে কোনো সমস্যা নেই।’ তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘আপনারাই বলুন, বাংলাদেশে সমস্যা আছে কি নেই?’
তিনি আরও বলেন, ‘সংসদে বলা হয় দেশে মাঝে মাঝে বিদ্যুৎ যায়, কিন্তু এটিকে লোডশেডিং বলা হয় না। লোক দেখানো বক্তব্য না দিয়ে মানুষের ঘরে ঘরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে হবে।’
বর্তমান সরকারের সমালোচনা করে সারজিস আলম বলেন, ‘তারেক রহমান, গণঅভ্যুত্থানের পর আপনি বাংলাদেশে এসেছেন। আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। আপনার দলের নেতাকর্মীরা যদি সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের সঙ্গে জড়িত থাকে এবং নিরীহ মানুষের ওপর জুলুম করে, তবে সেই দায়ও আপনাকেই নিতে হবে।’
আরও পড়ুন:
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা কাজের মাধ্যমে হারানো গৌরব ও সম্মান ফিরিয়ে আনুন। মনে রাখবেন, প্রত্যেকটি দল ক্ষমতায় থাকার জন্য আপনাদের ব্যবহার করার চেষ্টা করবে। বিবেক বিসর্জন দিলে নিজের কাছেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না।’
দেশের সীমান্ত পরিস্থিতি নিয়ে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘যদি আবার সীমান্তে হত্যা হয়, সীমান্ত দিয়ে পুশ-ইন করা হয় বা দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ে, তখন আমরা দেখব না কে সরকারে আছে বা তাদের অবস্থান কী ছিল।’
পথসভায় এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারও বক্তব্য দেন। তিনি সরকারের সমালোচনা করে বলেন, ‘আগে বলা হতো খাম্বা আছে, বিদ্যুৎ নেই। এখন বলা হচ্ছে বিদ্যুৎ আছে, খাম্বা নেই।’ তিনি আরও বলেন, ‘বাংলাদেশ থেকে ৮০০ বছর আগে লক্ষ্মণ সেন পালিয়ে গেছেন, পরে শেখ হাসিনাও পালিয়েছেন। আর কোনো শাসক এভাবে পালিয়ে যাননি।’
আওয়ামী লীগের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগ করেন, সমস্যা নেই। তবে নতুন করে কোনো ষড়যন্ত্র করবেন না। আপনাদের নেতা বিদেশে আরামে জীবনযাপন করছেন, আর দেশের গরিব মানুষকে বোমাবাজিতে ব্যবহার করছেন।’
এসময় পথসভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক ডা. আতিক মুজাহিদ, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার এবং জেলা ও বিভিন্ন উপজেলার নেতাকর্মীরা। পরে সন্ধ্যায় কেন্দ্রীয় নেতারা টাঙ্গাইলের ভূঞাপুর বাসস্ট্যান্ড এলাকায় জুলাই পদযাত্রায় অংশ নেন এবং পথসভা শেষে সিরাজগঞ্জের উদ্দেশে রওনা হন।




