Recent event

এককভাবে স্থানীয় সরকার নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে এনসিপি: সারজিস

সারজিস আলম
সারজিস আলম | ছবি: সংগৃহীত
0

আগামী স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এককভাবে প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন দলটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) ও স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সারজিস আলম। আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানিয়েছেন।

সারজিস আলম বলেন, ‘এখন পর্যন্ত এনসিপি স্বতন্ত্রভাবে স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে কোনো রাজনৈতিক জোট গঠন করা হবে কি না, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।’

তিনি বলেন, ‘এনসিপি বর্তমানে দেশের রাজনীতিতে তৃতীয় প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। নানা চড়াই-উৎরাই পেরিয়ে দলটি এখন একটি গণতান্ত্রিক উত্তরণের পথে হাঁটছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের ভুল না করতে দলটির নীতি-নির্ধারকরা অত্যন্ত সজাগ রয়েছেন।’

আরও পড়ুন:

প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া নিয়ে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে উপজেলা এবং সাংগঠনিক অঞ্চলগুলোতে গিয়ে প্রাথমিক যাচাই-বাছাই শুরু করা হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে মাঠ পর্যায়ের নেতাকর্মীদের গ্রহণযোগ্যতা বিবেচনা করে ইউনিয়ন, পৌরসভা ও উপজেলা পর্যায়ে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। যারা জনগণের কাছে জনপ্রিয় এবং আস্থাশীল, তারাই প্রার্থী হিসেবে অগ্রাধিকার পাবেন।

সংবাদ সম্মেলনে সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ বলেন, ‘এনসিপি প্রতিটি স্থানীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য আমাদের ৬ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। প্রতিটি সিটি করপোরেশন ও ওয়ার্ডে আমাদের প্রার্থী থাকবে।’

এএম