Recent event

তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা আশাবাদী তারেক রহমানের নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

তিনি আরও বলেছেন, এটা একটি ঐতিহাসিক মূহুর্ত। দীর্ঘ ফ্যাসিস্ট সরকারের নির্যাতন-নিপীড়ন, গণতন্ত্রকে ধ্বংস করে দেয়া ও সংসদকে অকার্যকর করা-এসব পর্বের পরে জনগণের রক্তের বিনিময়ে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে সংসদ পেয়েছি। এর মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে আমরা আমাদের তরুণ নেতা তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করেছি। আমরা আশাবাদী, তার নেতৃত্বে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

আজ (মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি) বেলা ১২টায় জাতীয় সংসদ ভবনে সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতভাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে সংসদ নেতা নির্বাচিত করা হয়েছে। বৈঠকের পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এসব কথা জানান।

আরও পড়ুন:

বিএনপি মহাসচিব আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা ডিউটি ফ্রি গাড়ি নেবেন না বলে আমাদের সংসদীয় দলের প্রথম সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে। সরকারের কাছ থেকে তারা কোনো প্লটও নেবেন না।

এর আগে সকাল ১০টায় সংসদ ভবনের শপথ কক্ষে বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নেন। শপথ বাক্য পাঠ করার প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। গত ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়।

৩০০ আসনের মধ্যে দুটির নির্বাচনের ফলাফল স্থগিত রয়েছে এবং প্রার্থীর মৃত্যু হওয়ায় একটিতে নির্বাচন করা বাতিল হয়েছে।

বাকি ২৯৭টি আসনের মধ্যে বিএনপি ২০৯টি, জামায়াত ৬৮টি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ৬টি, বাংলাদেশ খেলাফত মজলিস ২টি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি), গণসংহতি আন্দোলন, খেলাফত মজলিস ১টি করে এবং স্বতন্ত্র প্রার্থীরা ৭টি আসনে বিজয়ী হয়েছেন।

এএম