Recent event

গণতন্ত্র প্রতিষ্ঠায় খালেদা জিয়া হিমালয়ের মতো দাঁড়িয়ে ছিলেন: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
0

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালেদা জিয়া গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে হিমালয় পর্বতের মতো দাঁড়িয়ে ছিলেন। তিনি আজীবন ফ্যাসিবাদ ও স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছেন।

আজ (রোববার, ১ ফেব্রুয়ারি) রাজধানীর মহাখালীর কমিউনিটি সেন্টার চত্বরে ভাসানী জনশক্তি পার্টি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে খালেদা জিয়ার মৃত্যুতে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

অ্যাডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত শোকসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।

আরও পড়ুন:

রুহুল কবির রিজভী বলেন, ‘মরহুমা খালেদা জিয়া নিজে এবং পরিবারের সুখ শান্তি চাইলে বিলাসী জীবন যাপন করতে পারতেন। তিনি সারা জীবন কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের পক্ষে কথা বলেছে। তিনি তিনবার বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন, কোনো প্রকার দুর্নীতি তাকে স্পর্শ করেনি। মিথ্যা মামলা দিয়ে তাকে বছরের পর বছর জেলে রেখে বিষক্রিয়ার মাধ্যমে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া আপসহীন নেত্রী ছিলেন, তার সুযোগ্য সন্তান তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ সমৃদ্ধির লক্ষ্যে পৌঁছবে। আপনারা ধানের শীষে ভোট দিয়ে স্বাধীনতার পক্ষের শক্তিকে ক্ষমতায় এনে গণতন্ত্রকে রক্ষা করবেন।’

সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য বাবুল বিশ্বাস, জামিল আহমেদ, ভাসানী জনশক্তি পার্টির যুগ্ম মহাসচিব অধ্যাপক হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা সভাপতি ইমরুল হাসান ওয়াসিম।

পরে প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ভাসানী জনশক্তি পার্টির ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল হক।

এএইচ