‘ভ্যাপসা গরমের গুলিস্তানে’ ঈদবাজারের সঙ্গে মিশেছে বিশ্বকাপের উন্মাদনা

গুলিস্তান জার্সি বাজার
গুলিস্তান জার্সি বাজার | ছবি: এখন টিভি
0

মাথার ওপর মে মাসের কড়া সূর্য, ভ্যাপসা গরমে নগরজীবনে হাঁসফাঁস অবস্থা। কিন্তু ঢাকার অন্যতম ব্যস্ত বাণিজ্যিক এলাকা গুলিস্তানের চিরচেনা ভিড়ে তার কোনো প্রভাব নেই; বরং সেখানে এখন তিল ধারণের ঠাঁই নেই। তবে ফুটপাত ও শোরুমগুলোর এই উপচে পড়া ভিড় শুধু আসন্ন ঈদুল আজহার কেনাকাটার জন্য নয়, এর সঙ্গে এবার যোগ হয়েছে ভিন্ন এক আমেজ। জুন মাসে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের উন্মাদনা গুলিস্তানের বাতাসে এখনই দোলা দিতে শুরু করেছে।

সোনালী-হলুদ, আসমানি-সাদা কিংবা লাল-সবুজের জার্সির ভিড়ে গুলিস্তানের মোড়গুলো যেন এক একটি মিনি স্টেডিয়াম। একদিকে চলছে কোরবানি ঈদের প্রস্তুতি, অন্যদিকে প্রিয় দলের প্রতি ফুটবলপ্রেমীদের আবেগ; সব মিলিয়ে গুলিস্তানে এখন উৎসবের এক অনন্য মেলবন্ধন।

গতকাল (শনিবার, ২৩ মে) গুলিস্তানের ফুটপাত ও স্পোর্টস মার্কেটগুলো ঘুরে দেখা গেছে, রোদ-গরম উপেক্ষা করে ক্রেতারা হুমড়ি খেয়ে পড়ছেন জার্সি আর পতাকার দোকানগুলোতে। ঈদ উপলক্ষে তৈরি পোশাকের পাশাপাশি সমানতালে বিক্রি হচ্ছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স কিংবা পর্তুগালের জার্সি। বিক্রেতাদের চড়া গলার হাঁকডাক ‘আসেন ভাই, বিশ্বকাপের নতুন জার্সি, কম দামে নিয়ে যান।’

গুলিস্তানের জার্সি মার্কেট |ছবি: এখন টিভি

ফুটপাত ব্যবসায়ীরা বলছেন, মানুষ মূলত ঈদের বাজার করতেই এখানে আসছেন। কিন্তু যাওয়ার পথে প্রিয় দলের জার্সি দেখে লোভ সামলাতে পারছেন না। এখন দাম কিছুটা কম থাকায় অনেকেই কিনে রাখছেন। ঈদের পর খেলা যত ঘনিয়ে আসবে, জার্সির চাহিদার সাথে দামও বেড়ে যাবে। অনেকে গ্রামের বাড়ি যাওয়ার আগে ছোট ভাই বা বন্ধুদের উপহার দেয়ার জন্যও জার্সি কিনে নিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন:

ফুটপাতের শোরগোল পেরিয়ে গুলিস্তানের নামী স্পোর্টস শোরুমগুলোতেও দেখা গেছে তুমুল ব্যস্ততা। নতুন জার্সি, চকচকে ফুটবল আর নানা আকারের পতাকা ডিসপ্লে করতে ব্যস্ত কর্মীরা।

গুলিস্তানের জার্সি মার্কেট |ছবি: এখন টিভি

জার্সির পাশাপাশি গুলিস্তানের আকাশ রাঙাতে শুরু করেছে বিভিন্ন দেশের পতাকা। ফুটপাতের একপাশে বড় বড় বাঁশের মাথায় বেঁধে ওড়ানো হচ্ছে ছোট-বড় বাহারি পতাকা। বর্তমানে হাত-পতাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৩ ফুট সাইজের পতাকা রেডিমেড পাওয়া যাচ্ছে। এর চেয়ে বড় সাইজ চাইলে অর্ডার নেয়া হচ্ছে। সার্টিন কাপড়ের পতাকা ২০০ টাকা আর সাধারণ বাংলা কাপড়ের পতাকা মিলছে ১৫০ টাকার মধ্যে। সর্বোচ্চ ১ হাজার টাকা মূল্যের পতাকাগোছও রয়েছে বাজারে।

গুলিস্তানের জার্সি মার্কেট |ছবি: এখন টিভি

বাঙালির ফুটবল প্রীতি চিরকালই একটু বাঁধভাঙা। এবার ঈদের আনন্দ আর বিশ্বকাপের রোমাঞ্চ একই মোহনায় এসে মিশেছে। গুলিস্তানের ফুটপাতই তার সবচেয়ে বড় প্রমাণ। যেখানে গরমে শরীর পুড়লেও, ফুটবল আর উৎসবের রঙে মন ঠিকই মেতে উঠেছে।

এসএইচ