Recent event

দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর এ বিজয় বাংলাদেশের বিজয়: মির্জা ফখরুল

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এ বিজয় বাংলাদেশের বিজয়।’ আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টা ৫৬ মিনিটে নিজের ভেরিফাইয়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম।

আজ (শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত পাওয়া তথ্যে বেসরকারি ফলে বিএনপি ও তার মিত্ররা ১৬০টির বেশি আসনে জয়ী হয়েছে। ঠাকুরগাঁও-১ (সদর) আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।

মির্জা ফখরুল তার পোস্টে লিখেছেন, ‘সর্বশক্তিমান আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। দীর্ঘ ১৭ বছর সংগ্রামের পর আজকের এই বিজয় বাংলাদেশের বিজয়।’

মির্জা ফখরুল লিখেছেন, তিনি ১৯৭১ সালের লাখো শহীদদের স্মরণ করছেন। স্মরণ করছেন বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। স্মরণ করছেন ইলিয়াস আলী, সুমনসহ হাজারো নেতা–কর্মীকে, যারা আজ নেই। স্মরণ করছেন জুলাই শহীদদের, যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন বাংলাদেশ।

আরও পড়ুন:

দলের চেয়ারম্যান তারেক রহমান, দলীয় নেতাকর্মী, ধর্ম–বর্ণনির্বিশেষে দেশের আপামর জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান মির্জা ফখরুল। তিনি লিখেছেন, ‘আমার পরিবারকে জানাই আন্তরিক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল।

মির্জা ফখরুল উল্লেখ করেন, বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী, আজ সব প্রকার বিজয় মিছিল থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে। পরিবর্তে বাদ জুমা নিজ নিজ এলাকায় দোয়া মাহফিল আয়োজনের আহ্বান জানানো হলো।

মির্জা ফখরুল লিখেছেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেল। আমার জন্য দোয়া করবেন যাতে প্রতিশ্রুতি রক্ষা করতে পারি এবং আপনাদের জন্য কাজ করতে পারি।’

এএম