বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টা ১০ মিনিটে মদিনা থেকে ঢাকায় পৌঁছায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ৩৩৮ ফ্লাইট। ফ্লাইটে থাকা ওমরাহযাত্রীদের জমজমের পানি পৌঁছাতে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি সময় লাগে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কন্টেইনার অফলোডিং ও পরিচালনগত গাফিলতির কারণে ব্যাগেজ বেল্টে সময়মতো পানি পৌঁছাতে বিলম্ব ঘটে। দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট ব্যাগেজ ইনচার্জ মনিরুল ইসলাম প্রধান এবং ফ্লাইট সুপারভাইজার সাদ্দাম হোসেনের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য, ঘটনাটি নজরে আসামাত্রই উমরাহ হাজীদের সাময়িক দুর্ভোগ নিরসনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ নিজস্ব সংরক্ষিত স্টক থেকে দ্রুত জমজমের পানি বিতরণের ব্যবস্থা করে। পরবর্তীতে অপর কন্টেইনারটি দ্রুত শনাক্তপূর্বক সরবরাহ নিশ্চিত করে।
এতে আরও জানানো হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ যাত্রীদের নিরবচ্ছিন্ন ও সর্বোচ্চ মানের সেবা প্রদানে অঙ্গীকারবদ্ধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর অভ্যন্তরীণ তদারকি জোরদার করেছে।





