তাবলিগের প্রবীণ মুরব্বি মাওলানা এহসানুল হকের প্রয়াণ

মাওলানা এহসানুল হক
মাওলানা এহসানুল হক | ছবি: সংগৃহীত
0

তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও বিশিষ্ট আলেম মাওলানা এহসানুল হক ইন্তেকাল করেছেন। গতকাল (বুধবার, ২ সেপ্টেম্বর) ইন্তেকাল করেন তিনি।

মাওলানা এহসানুল হক পাকিস্তানের রায়বেন্ড মারকাজ ও বিশ্বের তাবলিগ জামাতের আলমি শুরার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। একই সঙ্গে তিনি দীর্ঘদিন রায়বেন্ড মারকাজের প্রবীণ মুরব্বি হিসেবে দাওয়াত ও তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

পারিবারিকভাবেও তিনি তাবলিগ জামাতের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পাকিস্তানের তাবলিগ জামাতের আমির বাবু বশিরের সন্তান।

মাওলানা এহসানুল হক ভারতের সাহারানপুরের মাজাহিরুল উলুম মাদরাসায় পড়াশোনা করেন। তিনি শাইখুল হাদিস মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.)-এর কাছে হাদিস অধ্যয়ন করেন। দীর্ঘদিন তার খেদমতেও নিয়োজিত ছিলেন। ছাত্রজীবনেই মাওলানা মুহাম্মদ জাকারিয়া কান্ধলভী (রহ.) তাকে খেলাফত প্রদান করেন।

পড়াশোনা শেষে তৎকালীন আলেমদের তাবলিগে সময় দেয়ার প্রচলিত রীতি অনুযায়ী তিনি সাত চিল্লার জন্য আল্লাহর রাস্তায় বের হন। মাওলানা এহসানুল হক ভারতের নিজামুদ্দিন মারকাজের কাশিফুল উলুম মাদরাসায় দীর্ঘদিন শিক্ষকতা করেন।

মাওলানা ইউসুফের (রহ.) ইন্তেকালের পর তিনি পাকিস্তানের রায়বেন্ড মারকাজে চলে আসেন। এরপর ইলম শিক্ষা ও দাওয়াতি মেহনতের পাশাপাশি রায়বেন্ড মারকাজের বিভিন্ন দায়িত্ব পালন করেন এবং তাবলিগের মেহনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এসএইচ