মানবাধিকার বিলের সিদ্ধান্ত ‘একতরফা’: বিরোধীদল

জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন
জামায়াতে ইসলামীর সংবাদ সম্মেলন | ছবি: এখন টিভি
0

বিরোধীদল, মানবাধিকার সংস্থা ও সুধীজনদের মতামত উপেক্ষা করে মানবাধিকার–সংক্রান্ত বিল নিয়ে সরকারের সিদ্ধান্তকে ‘একতরফা’ দাবি করে প্রতিবাদ জানিয়েছে বিরোধীদল। বিলটি পাশের প্রক্রিয়ার কোনো পর্যায়েই বিরোধীদল থাকবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদীয় মুখপাত্র মো. নাজিবুর রহমান।

আজ (রোববার, ৩০ আগস্ট) দুপুরে সংসদ ভবনে সাংবাদিকদের সামনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

নাজিবুর রহমান বলেন, ‘মানবাধিকার ও গুম–সংক্রান্ত দুটি কমিশন নিয়ে সরকারের নেয়া উদ্যোগে আন্তর্জাতিক বিভিন্ন কনভেনশনের সঙ্গে সাংঘর্ষিক বিষয় রয়েছে।’ সরকার আগে অধ্যাদেশটি রহিত করে আরও শক্তিশালী আইন করার কথা বললেও. এখন আগের চেয়েও দুর্বল আইন করার প্রক্রিয়া শুরু করেছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রস্তাবিত ব্যবস্থায় ভবিষ্যতে সরকার জনগণের ওপর নিপীড়ন চালালেও, প্রতিকার পাওয়ার সুযোগ সীমিত হয়ে যেতে পারে।’

স্থায়ী কমিটির বৈঠকে বিরোধীদলের সদস্যদের মতামত গুরুত্ব না দেয়ার অভিযোগ তুলে এসব বৈঠক বর্জনের ঘোষণা দেন জামায়াতের এ নেতা।

সংসদে বিরোধীদলের মতামতকে সরকারি দল যেভাবে তুচ্ছতাচ্ছিল্য করছে, সেটিকে ‘ফ্যাসিবাদী আচরণ’ বলেও মন্তব্য করেন নাজিবুর রহমান। ব্রিফিংয়ে মানবাধিকার ও গুম–সংক্রান্ত প্রস্তাবিত আইন নিয়ে বিরোধীদলের বিভিন্ন আপত্তি ও অবস্থান তুলে ধরেন তিনি।

এএইচ