আজ (বৃহস্পতিবার, ২৭ আগস্ট) এভিয়েশন নিরাপত্তা তদারককারীদের জন্য আয়োজিত এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশে ব্রিটিশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে দেশের বিভিন্ন বিমানবন্দরে কর্মরত এভিয়েশন নিরাপত্তা তদারককারী ও কর্মকর্তারা অংশ নেন।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এভিয়েশন নিরাপত্তা বিভাগের ব্যবস্থাপনায় আয়োজিত প্রশিক্ষণে যুক্তরাজ্য থেকে আসা প্রশিক্ষকেরা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণ দেন। পরিবর্তনশীল নিরাপত্তা ঝুঁকি মোকাবিলা, তদারকি সক্ষমতা বাড়ানো এবং কার্যকর নিরাপত্তা ব্যবস্থাপনার ওপর বিশেষ গুরুত্ব দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। বিশেষ অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের কাউন্সেলর রায়ান ডানকানসন। এসময় যুক্তরাজ্যের পরিবহন বিভাগ, ব্রিটিশ হাইকমিশন ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এয়ার কমোডর মো. আসিফ ইকবাল এ ধরনের দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ আয়োজনের জন্য ব্রিটিশ হাইকমিশন ও যুক্তরাজ্যের পরিবহন বিভাগকে ধন্যবাদ জানান।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পরিবর্তনশীল নিরাপত্তা হুমকি মোকাবিলায় বিমান নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মকর্তা-কর্মীদের জ্ঞান, দক্ষতা ও প্রস্তুতি নিয়মিতভাবে বাড়ানো জরুরি।’ বিমানবন্দরের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে কার্যকর সমন্বয়ের পাশাপাশি শক্তিশালী নিরাপত্তা সংস্কৃতি গড়ে তোলার ওপরও গুরুত্ব দেন তিনি।
একই সঙ্গে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যাত্রীসেবার মান উন্নয়ন এবং যাত্রীদের চলাচল আরও সহজ ও নির্বিঘ্ন করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে রায়ান ডানকানসন বিমান নিরাপত্তায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করায় অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে তিনি ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ব্রিটিশ সরকারের সহযোগিতা অব্যাহত রাখার আগ্রহ প্রকাশ করেন।
পরে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এর মধ্য দিয়ে পাঁচ কর্মদিবসব্যাপী এভিয়েশন নিরাপত্তা তদারককারী প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক সমাপ্তি হয়।




