বিটিভিকে বিশ্বাসযোগ্য ও আধুনিক চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী: কাজী জেসিন

প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজী জেসিন
প্রধানমন্ত্রী তারেক রহমান ও কাজী জেসিন | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) আরও বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান প্রধানমন্ত্রী তারেক রহমান। এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) কাজী জেসিন।

আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অভিজ্ঞতা তুলে ধরে বিটিভি নিয়ে তার পরিকল্পনার কথা জানান কাজী জেসিন।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের আমলে বিটিভিকে ক্ষমতাসীন দলের প্রচারযন্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি দর্শক হারিয়েছে।’ গণঅভ্যুত্থানের পরও বিটিভিতে কাঙ্ক্ষিত পরিবর্তনের সূচনা হয়নি বলে উল্লেখ করেন তিনি।

কাজী জেসিন বলেন, ‘প্রধানমন্ত্রী বিটিভিকে শুধু আগের অবস্থানে ফিরিয়ে নিতে চান না, বরং এটিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠানে রূপ দিতে চান।’

তিনি বলেন, ‘বাংলাদেশের ইতিহাসে অতীতের কোনো সরকার যে বিষয়টি এতটা গুরুত্ব দিয়ে বিবেচনা করেননি, তিনি (প্রধানমন্ত্রী) সেটি ভেবেছেন এবং বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।’

‘নয়া বন্দোবস্ত’ প্রসঙ্গে কাজী জেসিন বলেন, ‘গণঅভ্যুত্থানের পর অনেকেই এ নিয়ে কথা বললেও প্রধানমন্ত্রী নীরবে পরিবর্তনের কাজ করে যাচ্ছেন।’

বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজ কঠিন উল্লেখ করে তিনি বলেন, ‘পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়। তবে কাজটি আনন্দের এবং সেই লক্ষ্যেই তারা কাজ শুরু করেছেন।’

গত ৬ আগস্ট বিটিভির মহাপরিচালক (গ্রেড-১) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান কাজী জেসিন। এর মধ্যে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই সাক্ষাতের পরই বিটিভি নিয়ে প্রধানমন্ত্রীর পরিকল্পনার কথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন তিনি।

সবশেষে বিটিভিকে নতুনভাবে গড়ে তোলার কাজে সবার শুভকামনা, সহযোগিতা ও দোয়া কামনা করেন মহাপরিচালক কাজী জেসিন।

জেআর